ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সফর সামনে রেখে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন, জামায়াতের জেলা আমীর মাওলানা মশিউর রহমান খান (৫০), এহসানুল কবির (৩৫) ও এমদাদুল শেখ (৩০)। শনিবার গভীর রাতে শহরের দশানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল খান রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরকালে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো হতে পারে- এমন তথ্যের ভিত্তিতে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।”
তিনি দাবি করেন, বিরোধী দলীয় নেতার কর্মসূচিতে বাধা দিতে নয়, তার সফর নির্বিঘœ করতেই জামায়াত নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ।
নেতাকর্মীরা জানান, গভীর রাতে জামায়াতের জেলা আমীর মাওলানা মশিউর ছাড়াও নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম ও পৌর আমির ইকবাল হোসেনসহ বেশ কয়েকজনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে মশিউর ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা।
চার দলীয় জোটের রোডমার্চ নিয়ে খুলনা যাওয়ার পথে রোববার দুপুরে বাগেরহাটে হযরত খান জাহানের (র.) মাজার জিয়ারত করবেন খালেদা জিয়া। ওই মাজার সংলগ্ন মাঠে তার বক্তৃতা করারও কথা রয়েছে।
এদিকে স্থানীয় জামায়াত ও তাদের শরিক বিএনপি নেতারা এই পুলিশি অভিযান ও গ্রেপ্তারের নিন্দা জানিয়ে নেতাকর্মীদের মুক্তি দাবি করেছেন।
জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ বলেন, “বিরোধী দলীয় নেতার সফরের কয়েক ঘণ্টা আগে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই উদ্দেশ্যমূলকভাবে মাওলানা মশিউর রহমান খানকে গ্রেপ্তার করা হয়েছে।”
খালেদা জিয়া বাগেরহাটে পৌঁছানোর আগেই জামায়াত নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি এম এ সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৫৬ ঘ.
bdnews24