চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও নারী সাংসদের প্রতি ‘অশালীন কটূক্তি’ করায় অলি আহমদকে তার সংসদীয় এলাকা চন্দনাইশে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা।
শনিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন আহমেদ লিখিত বক্তব্যে বলেন, “মা-মাতৃত্বের প্রতি কর্নেল অলির বক্তব্য চরম অবমাননাকর। তিনি ধৃষ্টতাপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়েছেন। অচিরেই তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”
“ক্ষমা না চাওয়া পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কর্নেল অলিকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।”- যোগ করেন সাবেক সাংসদ আফসার।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্তমান এ সহ-সভাপতি বলেন, “তিনি [অলি] যতদিন পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইবেন না ততদিন তাকে চন্দনাইশে ও চট্টগ্রামে প্রতিহত করা হবে।”
‘চট্টগ্রাম-১৩ ও ১৪ সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত সাংসদ চেমন আরা তৈয়ব সম্পর্কে কর্নেল (অব.) অলির অশালীন কটূক্তির’ প্রতিবাদে প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে করা হয়।
গত ১৮ নভেম্বর চন্দনাইশে এলডিপি’র সমাবেশে দলটির সভাপতি ও সাংসদ অবসরপ্রাপ্ত কর্নেল অলি বলেন, “চন্দনাইশে একজন মহিলা এমপি দিয়ে হাজার যুবকের সমস্যা সমাধান করা যাবে না, তাই বেশি করে টুঙ্গীপাড়া থেকে সুন্দরী মহিলাদের এনে চন্দনাইশে দিলে যুবসামজের কল্যাণ হবে।”
তার এই বক্তব্যের খবর পরদিন স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়।
ওই ঘটনায় গত ২০ নভেম্বর অলির বিরুদ্ধে মানহানি মামলা করেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সংসদের সদস্য ব্যবসায়ী আফতাব মাহমুদ শিমুল।
শনিবার তিনি সংবাদ সম্মেলনে বলেন, “অলি আহমদের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের ভিডিও ফুটেজ ও মোবাইল রেকর্ড আমাদের কাছে আছে।”
গত বৃহস্পতিবার ওই মামলায় চট্টগ্রামে আদালতে জামিন নিতে এসে অলির সরকার সমর্থকদের হামলার মুখে পড়ার ঘটনাকে চট্টগ্রাম আদালতের ‘সবচেয়ে নিন্দনীয়’ ঘটনা হিসেবে অভিহিত করেন শিমুল।
বৃহস্পতিবারের হামলার ঘটনায় ওই দিন মধ্যরাতে কর্নেল অলিসহ ৪১ এলডিপি নেতা-কর্মীর বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় পৃথক দুটি মামলা করেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান চৌধুরী ও আফতাব মাহমুদ শিমুল।
একই ঘটনায় এলডিপির পক্ষ থেকে চন্দনাইশ যুবলীগের ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।
এলডিপির করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান বলেন, “উনি (অলি) সেদিন মাস্তান ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে গিয়েছিলেন। নিজেদের মধ্যে কোন্দল ও মারামারির ঘটনা ঘটেছে।”
মামলা ও হামলার ঘটনার পর শুক্রবার বিকালে চন্দনাইশের কলেজ গেইট এলাকায় যুবলীগ ও এলডিপি পাল্টাপল্টি প্রতিবাদ সমাবেশের আয়োজন করায় সেখানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/১৮২৭ ঘ.
bdnews24