২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদাকেও বিচারের মুখোমুখি হতে হবে’

যুদ্ধাপরাধীদের সমর্থন দিয়ে গেলে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকেও বিচারের সম্মুখিন হতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 07:17 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের সমর্থন দেওয়ার কারণে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকেও বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, “বেগম খালেদা জিয়া, ওই যুদ্ধাপরাধীদের পক্ষ সমর্থন থেকে আপনাকেও ফিরে আসতে হবে। আর যদি না আসেন, তাহলে আপনাকেও এর জন্য জবাবদিহি করতে হবে। আপনাকেও এর জন্য বিচারের সম্মুখিন হতে হবে।” একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে সরকার গত বছর ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থা গঠন করে। জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ও আব্দুল আলীমের বিচার চলছে এ ট্রাইব্যুনালে। বিএনপি ও তাদের শরিক জামায়াতের নেতারা এই ট্রাইব্যুনালের বিরোধিতায় বলে আসছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করে বিচারের নামে ‘প্রহসন’ চালাচ্ছে সরকার। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াত ও বিএনপি নেতাদের মুক্তি দেওয়ারও দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ বিষয়টির উল্লেখ করে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘মুক্তিযুদ্ধ যুব পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় সাহারা খাতুন বলেন, “বিভিন্ন রোড মার্চে, বিভিন্ন জনসভায়, বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, যাদেরকে আজকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে বিচার চালু করা হয়েছে তারা নাকি যুদ্ধাপরাধী নয়- যে কথাটি তাদের নেতা জিয়াউর রহমানও হয়তো বলার সাহস পেতেন না।” “বিরোধী দলীয় নেতার এ রকম কথায় যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে তার অবস্থান বাংলার জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে”, যোগ করেন স্বরাষ্ট্র মন্ত্রী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক আলোচনায় অংশ নিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমানকে ‘শো’ হিসেবে ব্যবহার করে মুক্তিযুদ্ধবিরোধীরাই ক্ষমতা চালিয়েছিলো। জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকেও যুদ্ধাপারাধের মামলায় বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে ছাত্রলীগের সাবেক নেতা ইসমত কাদির গামা অনুষ্ঠানে বলেন, “বয়সের অজুহাতে তাকে গ্রেপ্তারের চিন্তা থেকে দূরে থাকবে না মাননীয় মন্ত্রী। গোলাম আযমের বয়স হোক- তাতে কি? তার মৃত্যু কারাগারে হোক, তবু তাকে কারাগারে দেখতে চাই।” এ বিষয়ে সাহারা খাতুন বলেন, “একটু অপেক্ষা করুন, ধৈর্য্য ধরুন, সবকিছু সময় মতোই হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৪৫৪ ঘ.