ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার সরকারি সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন মেয়র সাদেক হোসেন খোকা।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা। কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা এরইমধ্যে সেখানে জড়ো হতে শুরু করেছেন।
৭৪ নম্বর ওয়ার্ডের কমিশনার কাজী আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করার সরকারি সিদ্ধান্ত, কর্পোরেশনের অতীত ও বর্তমান পরিস্থিতি এবং মেয়র হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতার বিষয়ে কথা বলবেন বিএনপির সহসভাপতি খোকা।
অবশ্য শুক্রবার রাতে মেয়র এই সংবাদ সম্মেলন ডাকার পর থেকেই গুঞ্জন শুরু হয়- পদত্যাগ করার ঘোষণা দিতেই তিনি সাংবাদিকদের ডেকেছেন।
প্রশাসক নিয়োগের বিধান রেখে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করতে গত ২৩ নভেম্বর জাতীয় সংসদে একটি বিল তোলা হয়। এর আগে এ প্রস্তাবে সম্মতি দেয় মন্ত্রিপরিষদ।
ঢাকার ৯২টি ওয়ার্ডের মধ্যে ৫৬টি নিয়ে দক্ষিণে একটি এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে আরেকটি সিটি কর্পোরেশন গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে।
বিলটি সংসদে পাস হলে বর্তমান ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত হবে এবং পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সরকার দুই সিটি কর্পোরেশনের জন্য দুজন প্রশাসক নিয়োগ করতে পারবে। তাহলে বর্তমান মেয়র সাদেক হোসেন খোকা এবং কাউন্সিলররা আর তাদের পদে বহাল থাকতে পারবেন না।
সরকারের এ সিদ্ধান্তের বিষয়ে এরইমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে হতাশা প্রকাশ করেছেন । তার দল বলে আসছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের লোক বসাতে চায় বলেই দুটি সিটি কর্পোরেশন করছে।
২০০২ সালে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন খোকা। তার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেলেও নতুন করে নির্বাচন না হওয়ায় ওই পদে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন তিনি।
ঢাকা সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, মোঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ১৬০৮ সালে ঢাকার গোড়াপত্তন হয়। তখন ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। ১৮৬৪ সালে ঢাকা পৌরসভায় উন্নীত হয়। ১৯৪৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী হয় শহরটি।
১৯৭৮ সালে পৌরসভা থেকে মিউনিসিপ্যাল কর্পোরেশন হয় ঢাকা। ১৯৯০ সালে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম হয় ঢাকা সিটি কর্পোরেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১২২৫ ঘ.
bdnews24