২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, আহত ১৩

বাগেরহাটের শরণখোলা ও কচুয়া উপজেলায় শুক্রবার সন্ধ্যায় হামলায় বিএনপির অন্তত ১৩ নেতাকর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 06:05 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

বাগেরহাট, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা ও কচুয়া উপজেলায় শুক্রবার সন্ধ্যায় হামলায় বিএনপির অন্তত ১৩ নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া চিতলমারী উপজেলা বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এবং দলের চেয়ারপার্সনের বাগেরহাট আগমন উপলক্ষে ছাপানো শতাধিক পোস্টার ছিঁড়ে ফেলে। এসব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করলেও দলটি তা অস্বীকার করেছে। শরণখোলা উপজেলা বিএনপি সভাপতি মতিয়ার রহমান জানান, সন্ধ্যায় বিএনপি কর্মীরা শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের রাজাপুর বাজারে খালেদা জিয়ার আগমন উপলক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণ করার সময় আওয়ামী লীগের একটি মিছিল সেখানে পৌঁছে তাদের উপর হামলা চালায়। তাদের লাঠিপেটায় বিএনপির অন্তত নয় নেতাকর্মী আহত হন। এরা হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইছাহাক আলী, ছাত্রদল সভাপতি বেল্লাল হোসেন মিলন, ধানসাগর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম দুলাল, ছাত্রদল নেতা জুয়েল, কাউছার, রাজু, আল আমিন কান ও আল আমিন মোল্লা। শরণখোলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন আকন অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি নিজেরা এ ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে। কচুয়া উপজেলা বিএনপি সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না বলেন, বাধাল ইউনিয়ন বিএনপির কর্মীসভা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পিংগুড়িয়া স্কুলের সামনে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় আহত হন কচুয়া উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোস্তফা শেখ, বাধাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোল্লা মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন। যুবলীগ নেতা আব্দুল কাদেরের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। চিতলমারী সদরে মুনিপাড়ায় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে ওই কার্যালয়ে থাকা শতাধিক পোস্টার ছিঁড়ে ফেলে। উপজেলা বিএনপির সভাপতি কাজী মনোয়ার হোসেন এই ঘটনার জন্য উপজেলা ছাত্রলীগের কর্মীদের দায়ী করেছেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি শহীদুল ইসলাম লিটন এই অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মী এ কাজ করেনি। বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিতলমারী, শরণখোলা ও কচুয়া উপজেলায় বিচ্ছিন্ন তিনটি ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা সম্পর্কে সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। চার দলীয় জোটের খুলনা রোড মার্চের অংশ হিসেবে ২৭ নভেম্বর খালেদা জিয়ার বাগেরহাটের হযরত খান জাহানের (র.) মাজার জিয়ারত ও পথসভার কর্মসূচি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.