ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার জ্বালানি তেলের পর বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধি করায় তৈরি পোশাক খাতসহ দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে বলেন, “সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এবার তারা বিদ্যুতের পাইকারি দাম বাড়িয়েছে। ভোক্তা পর্যায়েও তারা দাম বাড়বে। এভাবে দাম বাড়ানোর ফলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। এক্ষেত্রে পোশাক খাত সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে।”
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম দুই ধাপে ৩১ দশমিক ১৬ শতাংশ বাড়ানোর কথা জানায়। এই বর্ধিত দাম প্রথম দফায় ১ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় আগামী ১ ফেব্র“য়ারি থেকে কার্যকর হবে।
চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো বাড়লো বিদ্যুতের পাইকারি দাম। এছাড়া জ্বালানি তেলের দামও গত ছয় মাসে তিন দফা বাড়ানো হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজেএমইএ জানিয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে তারা ক্ষতিগ্রস্ত হবে।
“এতে দেশের অর্থনীতিতেও মারাত্মক প্রভাব পড়বে। কারণ এটি আমাদের অন্যতম রপ্তানি খাত’, যোগ করেন ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি অভিযোগ করেন, সরকার ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের অতিরিক্ত ব্যয় মেটাতে গিয়ে বিদ্যুতের দাম বাড়াচ্ছে।
“এসব ভাড়াভিত্তিক প্রকল্পগুলো বিনা টেণ্ডারে দলীয় লোকজন ও সরকার দলের নেতাদের আত্মীয় স্বজনরা পেয়েছেন।”
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অ্যাব সভাপতি আনোয়ার উন নবী মজুমদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংগঠনের সদস্য সচিব হাসান জাফির তুহিন, সাংবাদিক আবদুল হাই শিকদার, শিল্পী সৈয়দ লুৎফুল হক, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬৪৭ ঘ.
bdnews24