২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলির ওপর হামলা

মানহানির মামলায় জামিন হলেও আদালত প্রাঙ্গণে সরকার সমর্থকদের হামলার শিকার হয়েছেন এলডিপি সভাপতি। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের সঙ্গ ছাড়ায় এ হামলা হয়েছে। হামলার নিন্দা জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় জামিন চাইতে আদালত গিয়ে সরকার সমর্থকদের হামলার শিকার হয়েছেন এলডিপি সভাপতি অলি আহমদ। সংসদ সদস্য অলি দাবি করেছেন, আওয়ামী লীগের সঙ্গ ছাড়ায় যুবলীগ এ হামলা চালিয়েছে এবং এতে পুলিশের যোগসাজশ ছিলো। অলির ওপর এ হামলার নিন্দা জানিয়ে বিএনপি বলেছে, সরকার পতনের আন্দোলনে তাদের সঙ্গে যোগ দেওয়ায়ই অলির ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম আদালত ভবনে গিয়ে হামলার মুখে পড়েন অলি। এরপর আদালত থেকে বের হওয়ার পথে আরেকবার তোপের মুখে পড়েন তিনি। হামলায় তার সমর্থকসহ কয়েকজন আইনজীবী আহত হন। তবে মানহানির ওই মামলায় জামিন পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অলি। অলির ওপর হামলার আগে ও পরে আদালত এলাকায় চট্টগ্রামের এ সংসদ সদস্যের বিরুদ্ধে মিছিল করে যুবলীগের একদল কর্মী। পুলিশের উপস্থিতিতেই ওই সময় কয়েকটি গাড়ি ভাংচুর হয়। নারী সংসদ সদস্যদের কটাক্ষ করে বক্তব্য রাখার অভিযোগে আওয়ামী লীগ সমর্থক এক ব্যবসায়ীর করা মামলায় সকাল ১১টায় দলীয় নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে আদালতে যান অলি। আদালত ভবন চত্বরে ঢোকার পরপরই সেখানে অবস্থানরত যুবলীগের কর্মীরা গাড়ি ঘিরে মিছিল করতে থাকে। একপর্যায়ে তারা গাড়ি লক্ষ্য করে ইট ও জুতা ছুড়তে থাকে। তাদের হাতে ঝাড়ুও ছিলো। যুবলীগকর্মীদের সঙ্গে অলির বিরুদ্ধে করা মামলার বাদি আফতাব আহমেদ শিমুলকেও দেখা গেছে। অলি চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে হাজির হলে মামলার বাদির নেতৃত্বে যুবলীগের কর্মীরা ঝাড়– নিয়ে আদালত কক্ষের বাইরে স্লোগান দিতে থাকে। আদালতকর্মী ও দায়িত্বরত পুলিশ সদস্যরা মিছিলকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেও সফল হননি। দুপুর পৌনে ১২টার দিকে অলি জামিন নিয়ে আদালত ভবনের পশ্চিম পাশে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের সামনে এলে যুবলীগকর্মীরা আচমকা তার ওপর ইট ছুড়তে থাকে। এতে মিলনায়তনের কাচ, কয়েকটি মটর সাইকেল এবং অলির গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। পরে পুলিশ পাহারায় অলি আদালত ভবন এলাকা ছাড়েন। দুপুর ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। হামলায় আইনজীবী, এলডিপিকর্মীসহ ৩০ জন আহত হয়েছেন বলে অলি আহমদ দাবি করেছেন। তিনি বলছেন, আহতদের নগরীর বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আদালত থেকে বেরিয়ে আসার সময় অলির জামায় রক্ত দেখা যায়। তার সঙ্গে থাকা এক সমর্থকের মাথা ফেটে রক্ত বের হচ্ছিলো। যুবলীগের কর্মীদের ছোড়া ইটের আঘাতে এটিএন বাংলা ও সময় টিভির চিত্রগ্রাহক ফরিদ ও বিপ্লব আহত হন। আদালত প্রাঙ্গণে হট্টগোলে নিন্দা জানিয়ে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত ভবন রাজনীতিবিদদের ঝগড়ার জায়গা নয়।” এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনায় মামলা হবে। আদালত প্রাঙ্গণে হট্টগোলকারী কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এ বিষয়ে কিছু বলতেও রাজি হননি মনজুর। হামলার পরপরই এক সংবাদ সম্মেলনে অলি বলেন, আওয়ামী লীগের সঙ্গ ছেড়ে সরকারবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যোগ দেওয়ায়ই তার ওপর হামলা হয়েছে। তিনি বলেন, “কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদের সহযোগিতায় যুবলীগের কর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। বুধবার রাতে এর পরিকল্পনা হয়।” “তারা (সরকার) আমাকে দলে টানতে চেয়েছিল। অনেক মন্ত্রী-সংসদ সদস্য আমার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু রাজি করাতে পারেনি,” বলেন অলি। প্রতিষ্ঠাকাল থেকে বিএনপির সঙ্গে থাকা অলি বিগত জোট চারদলীয় জোট সরকারের সময়ে আলাদা দল গঠন করেন। গত নির্বাচনের আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকলেও বর্তমানে দলটি বিএনপির সঙ্গে সংস্রব রক্ষা করে চলছে। অলি বলেন, “আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। এ সরকার ভালো হলে অবশ্যই তাদের সঙ্গে থাকতাম। কিন্তু তাদের কিছুই আর ভালো না বলেই বিএনপি ও চারদলীয় জোটের সঙ্গে গেছি।” মুক্তিযোদ্ধা হয়ে কেন জামায়াতে ইসলামের সঙ্গে জোট বাঁধছেন- প্রশ্ন করা হলে বীরবিক্রম খেতাবপ্রাপ্ত অলি পাল্টা প্রশ্ন রেছাড়েন, “আওয়ামী লীগ যদি জামায়াতের সঙ্গে আন্দোলনে যেতে পারে, আমার যেতে দোষ কোথায়?” আদালতে হামলায় এলডিপির কর্মী ও আইনজীবীসহ ৩০ জন আহত হয়েছে দাবি করে অবসরপ্রাপ্ত কর্নেল অলি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেন। যে বক্তব্য নিয়ে মানহানির মামলা, সে বিষয়ের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “এখন আমার বয়স ৭৩ বছর। কখনো কোনো ভদ্রমহিলার বিরুদ্ধে বক্তব্য দিইনি। স্থানীয় পত্রিকায় বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন হয়েছে।” প্রকাশিত সংবাদের প্রতিবাদ করলেন না কেন- জানতে চাইলে অলি বলেন, “প্রতিবাদ জানানোর আগেই তো আমার বিরুদ্ধে বিষেদগার শুরু হয়ে গেল।” অলির ওপর হামলার নিন্দা জানিয়ে বিকালে ঢাকায় নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলনে অলি সম্পৃক্ত হওয়ার কারণেই ক্ষমতাসীনরা তার প্রাণশক্তি স্তব্ধ করে দিতে চায়।” হামলার নিন্দা জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রামের নেতা আবদুল্লাহ আল নোমান এক বিবৃতিতে বলেন, “আদালতের মতো পবিত্র স্থানে এক জন সংসদ সদস্যের ওপর হামলা ন্যক্কারজনক।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯২০ ঘ.