ঢাকা , নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধে আপত্তি জানিয়ে চারদলীয় জোট সরকারের আমলেও পদক্ষেপ ছিলো বলে দাবি করেছে বিএনপি। তারা বলেছে, এ নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য সঠিক নয়।
টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ চেয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে খালেদা জিয়ার চিঠি পাঠানোর বিষয়টি ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেন, চারদলীয় জোট ক্ষমতায় থাকার সময় নয়াদিল্লিকে বলা হয়েছিল, এ বাঁধ নির্মাণ হলে বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন হবে না।
এর জবাবে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে টিপাইমুখ বাঁধ নির্মাণে সমর্থন দিয়েছে। এটা মিথ্যাচার।”
“প্রধানমন্ত্রীকে বলবো, দয়া করে আপনি পানিসম্পদ মন্ত্রণালয়ের রেকর্ড দেখুন। সেখানে আছে, খালেদা জিয়া ওই সময়ে ভারতের কাছে প্রতিবাদ জানিয়ে তিন বার চিঠি দিয়েছেন,” বলেন তিনি।
ফখরুল বলেন, বিএনপি আমলের পানিসম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ বাংলাদেশের আপত্তির কথা বেশ কয়েকবার ভারতের কাছে তুলে ধরেছিণেন। তখন যৌথ নদী কমিশনের বৈঠকেও আপত্তি জানানো হয়েছিল, বলা হয়েছিল যৌথ জরিপের কথা।
সাবেক কৃষি প্রতিমন্ত্রী আলমগীর বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই তিন বছরে টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। প্র্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি পাঠানোর প্রস্তাব করেছিলেন বিরোধীদলীয় নেতা । কিন্তু প্রধানমন্ত্রী কোনো কিছুতে সাড়া দেননি।”
বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর শুক্রবার বিবিসি প্রকাশ করলে তা নিয়ে নতুন করে আলোচনা উঠে; বাংলাদেশে দেখা দেয় উদ্বেগ-উৎকণ্ঠা।
এরপর ঢাকার পক্ষ থেকে চিঠি পাঠানো হলে নয়াদিল্লি জানায়, টিপাইমুখে এমন কিছু হবে না, যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। প্রধানমন্ত্রী বলেছেন, টিপাইমুখ বিষয়ে তার সরকার সচেতন রয়েছে।
জাতীয় প্রেসক্লাবের আলোচনা সভায় ফখরুল সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন।
তিনি বলেন, “বিএনপিকে আন্দোলন থেকে দূরে সরাতে এখন একের পর এক স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হচ্ছে। আমরা সরকারকে স্পষ্টভাষায় বলে দিতে চাই, বিতর্কিত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালুসহ যত কলা-কৌশলই গ্রহণ করুন না কেন- বিএনপিকে আন্দোলন থেকে দূরে সরানো যাবে না।”
“আপনাদের (সরকার) আর সময় নেই। সময় শেষ হয়ে গেছে,” বলেন তিনি।
বর্তমান নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান’ বলেও আখ্যায়িত করে ফখরুল বলেন, “সরকারকে তুষ্ট করতে তারা সরকারের নীলনকশায় কাজ করছে।”
ঢাকা সিটি কর্পোরেশকে দুই ভাগ করার উদ্যোগেরও সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সংসদে উত্থাপিত এ বিষয়ক বিলের বিষয়ে তিনি বলেন, “আইন সংশোধন করে সরকার যত দিন নির্বাচন না হয়, ততদিন প্রশাসক নিয়োগের বিধান সংযোজন করছে। অথচ সুপ্রিম কোর্টের আদেশ আছে, নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে।”
সরকারের ‘ব্যর্থতায়’ দেশের অর্থনীতিকে ধস নেমেছে বলেও দাবি করেন ফখরুল।
তিনি বলেন, “ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের মাধ্যমে বিশাল অঙ্কের ভর্তুকি দেওয়ার কারণে ব্যাংকে তারল্য সঙ্কট দেখা দিয়েছে। বিনা টেন্ডারে ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। পুঁজিবাজারের মৃত প্রাণ এখনো জেগে উঠছে না। ক্ষমতাসীনদের লোকজন এক লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এতে ডলারের মূল্য বেড়ে গেছে।”
’৯০ এর গণআন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফখরুল।
‘অবরুদ্ধ গণতন্ত্র ও বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভায় বক্তব্য রাখেন ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, আমানউল্লাহ আমান, নাজিমউদ্দিন আলম, খায়রুল কবীর খোকন, মোস্তাফিজুর রহমান বাবুল, অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক আবদুস সালাম, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আখতার হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮০০ ঘ.
bdnews24