ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার খুলনা রোড মার্চ কর্মসূচির প্রচারে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোড মার্চের আগের দিন শুক্রবার বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “বাগেরহাট, ঝিনাইদহ, ভেড়ামারা, খুলনা, পাবনার দাসুরিয়াসহ বিভিন্ন জায়গায় রোড মার্চের লিফলেট বিলিতে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বাধা দিচ্ছে।”
অনেক স্থানে বিএনপি কর্মীদের ওপর হামলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
উদাহরণ হিসেবে রিজভী বলেন, “খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। এতে ছাত্রদলের ১২জন কর্মী আহত হয়েছে।”
শনিবার সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে থেকে খুলনা অভিমুখে রোড মার্চ শুরু হবে। দুই দিনের রোড মার্চে শনিবার বিকালে কুষ্টিয়া ও রোববার বিকালে খুলনায় জনসভায় বক্তব্য দেন খালেদা জিয়া। সেদিন রাতেই ঢাকা ফিরবেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে চারদলীয় জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন হচ্ছে। এর আগে রাজশাহী ও সিলেট বিভাগে রোড মার্চ করেন খালেদা।
রিজভী জানান, রোড মার্চ শনিবার ঢাকা থেকে গাজীপুর, টাঙ্গাইল, পাবনা হয়ে কুষ্টিয়া যাবে। সেখানে জনসভার পর রাতে যশোর যাওয়ার পথে ঝিনাইদহ পথসভা করবেন খালেদা জিয়া।
যশোর সার্কিট হাউজে রাত কাটানোর পর রোববার সকালে যশোর শহরে পথসভা করে খুলনা অভিমুখে রোড মার্চ যাত্রা করবেন।
এই রোড মার্চেও প্রায় তিন হাজার গাড়ি অংশ নেবে বলে রিজভী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/২০৫০ ঘ.
bdnews24