ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, তদন্ত শেষ হলে দেশবাসী জানতে পারবে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মোট কত টাকা বিদেশে পাচার করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তরে নাজমা আকতারের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা বলেন।
ওই সাংসদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, পাচার করা টাকা উদ্ধার করে দুর্নীতিবিরোধী প্রচারণা ও সাত বিভাগে সাতটি দুর্নীতিবিরোধী স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজে ব্যয় করা যেতে পারে।
২০০৯ সালে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ব্যবাসীয়ক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা করে দুর্নীতি দমন কমিশন।
ওই মামলায় যুক্তরাষ্ট্রের সরকারি গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের এক কর্মকর্তা চলতি মাসে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন।
বুধবার বিকেলে সংসদের অধিবেশনে সাংসদ নাজমা আকতার প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, তারেক-কোকোর পাচার করা টাকার যেগুলো উদ্ধার হয়েছে তা দিয়ে দেশের সাতটি বিভাগে দুর্নীতিবিরোধী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে কি না?
প্রধানমন্ত্রী বলেন, “বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দুই পুত্রসহ বিগত জোট সরকারের আমলে বিদেশে পাচার করা অর্থ মানি লন্ডারিং আইনসহ যথাযথ আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য প্রয়োজনীয় আইন, বিধান সংশোধন করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের সন্দেহজনক লেনদেন পর্যালোচনা করছে।”
“এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ১০টি দেশের আর্থিক গোয়েন্দা ইউনিটের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে।”- বলেন তিনি।
“সিঙ্গাপুরে পাচার করা ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা এরই মধ্যে (২০০৭ সালের ৩১ জুলাই) ফেরত এনে বাংলাদেশ ব্যাংকে জমা করা হয়েছে।” জানিয়ে শেখ হাসিনা বলেন, “এই টাকা দুর্নীতিবিরোধী সংগঠনের প্রচারণায় ও দেশের সাতটি বিভাগে দুর্নীতিবিরোধী স্মৃতিস্তম্ভ নির্মাণ করার বিষয়টি বিবেচনা করে দেখা যেতে পারে।”
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার ও জামিনের পর সপরিবারে লন্ডন যাওয়া তারেক রহমান এখনো দেশে ফেরেননি। স¤প্রতি বিএনপির এক নেতা বলেছেন, বর্তমান সরকারের পতনের পর তিনি দেশে ফিরবেন।
সাংসদ মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে বুধবার প্রধানমন্ত্রী জানান, আগামী বছরের মার্চ মাস নাগাদ মেট্রো রেল নির্মাণ বিষয়ে জাপান সরকারের সঙ্গে ঋণ নিয়ে আলোচনা শেষ হবে।
তিনি বলেন, “বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই মেট্রো রেলের কাজ শুরুর চেষ্টা চলছে।”
সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার আবদুল হামিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৪০ ঘ.
bdnews24