ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপত্তির পরও কুমিল্লায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারে নির্বাচন কমিশনের এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিএনপি বলছে, যান্ত্রিক এক পদ্ধতি চাপিয়ে দেওয়া হচ্ছে।
বুধবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ইভিএম কারচুপির যথেষ্ট সুযোগ রয়েছে। পৃথিবীর অন্যান্য দেশ এ ব্যবস্থা বাতিল করেছে। সেখানে বর্তমান ইসি, যারা দুই মাস পর চলে যাবে, তারা কেন ইভিএম চাপাতে চাইছেন?”
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে এবং সেনা মোতায়েন করতে বিএনপি মঙ্গলবার ইসিতে চিঠি দিয়েছে। তবে ইসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া দেখা যায়নি।
“আপত্তি সত্ত্বেও কুমিল্লায় ইভিএমে ভোটগ্রহণ হলে তা দায়ভার ইসির ওপর বর্তাবে,” বলেন ফখরুল।
কুমিল্লায় ইভিএম ব্যবহার হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এ সিদ্ধান্ত নেবে স্থানীয় বিএনপি। এ বিষয়ে পরে জানতে পারবো।”
নির্দলীয় স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে কথা না বলতে প্রধান নির্বাচন কমিশনারের আহ্বানের জবাবে ফখরুল বলেন, “দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে ওই নির্বাচনের বিষয়ে আমরা কথা বলতে চাই। কারণ সেনা মোতায়েন না হলে সেখানে দলীয় সরকারের প্রভাব বিস্তার হবে। একইভাবে ইভিএমের মতো ব্যবস্থায় ভোটারদের রায় পরিবর্তনের সুযোগ থাকে।”
খুলনা রোড মার্চ কর্মসূচির বিষয়ে বিএনপির মুখপাত্র জানান, ২৬-২৭ নভেম্বর দুদিনের এ রোড মার্চ করবেন খালেদা জিয়া। এতে পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, মাগুরা, যশোর, খুলনাসহ ১০ জেলার নেতা-কর্মীরা অংশ নেবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে জনমত গঠনের লক্ষ্যে ২৬ নভেম্বর সকাল ১০টায় ঢাকা থেকে রোড মার্চ শুরু করবেন খালেদা জিয়া। ২৬ নভেম্বর কুষ্টিয়া এবং ২৭ নভেম্বর খুলনায় জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়া প্রথম দিন পাবনা ও দ্বিতীয় দিন যশোরে পথসভা করবেন তিনি।
সংবাদ সম্মেলনের আগে এ রোড মার্চ নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর সঙ্গে একটি যৌথসভা করেন ফখরুল।
এতে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন- আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, আবদুস সালাম, নাজিমউদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবুল খায়ের ভূঁইয়া, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন।
সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, উলামা দল সভাপতি আবদুল মালেক, মহিলা দল সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শফিউজ্জামান খোকন, জাসাস সাধারণ সম্পাদক মুনীর খান, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬২৫ ঘ.
bdnews24