২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুখে দাঁড়ান, পাশে পাবেন: খালেদা

বরাক নদীর উজানে টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ জানালে বিএনপিও সরকারের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাক নদীর উজানে টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ জানালে বিএনপিও সরকারের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। মঙ্গলবার ধামরাইয়ের হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে সরকারের উদ্দেশে তিনি বলেন, “ভয় না পেয়ে টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করুন। বিএনপির এর প্রতিবাদ করেছে। সাহস করে এই অন্যায়ের প্রতিবাদ করলে আমরা আপনাদের (সরকারের) পাশে থাকবো।” বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর শুক্রবার বিবিসি প্রকাশ করলে তা নিয়ে নতুন করে আলোচনা উঠেছে। এ বাঁধের বিরূপ প্রভাব বাংলাদেশের ওপর পড়বে বলে বিশেষজ্ঞরা বলছেন। এনিয়ে বাংলাদেশও আপত্তি জানিয়ে আসছিলো। বিবিসির প্রতিবেদনের পর সরকার এ বিষয়ের ব্যাখ্যা চাইলে নয়াদিল্লি থেকে মঙ্গলবার জানানো হয়, টিপাইমুখে বাঁধ হলেও তা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে না। বিএনপি চেয়ারপারসন বলেন, “মালদ্বীপে সার্ক সম্মেলনে দুই প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। এরপর টিপাইমুখ বাঁধ নির্মাণে চুক্তি হয়েছে, সরকার এখনো কোনো প্রতিবাদ করেনি। এই সরকার দেশপ্রেমিক সরকার নয়।” টিপাইমুখ বাঁধের ফলে সম্ভাব্য ক্ষতির সম্মুখীন সিলেট অঞ্চলে ১ ডিসেম্বর হরতাল ডেকেছে বিএনপি। খালেদা জিয়া এ বাঁধ নির্মাণের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান। অভিন্ন ৫৪টি নদীর বিষয়ে বিরোধী নেতা বলেন, “এসব নদীর ওপর আমাদের অধিকার রয়েছে। কিন্তু ভারত ওই সব নদীতে বাঁধ দেওয়ায় পানি প্রবাহ কমে গেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/২০০৬ ঘ.