না.গঞ্জে সেনা না দেওয়ার ব্যাখ্যা দিল সরকার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, নারায়ণগঞ্জ নির্বাচনে সেনা মোতায়েন না হওয়ার পেছনে ‘ভুল বোঝাবুঝি’র কথা জানিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ।
নির্বাচন কমিশন (ইসি) চাওয়ার পরও ওই নির্বাচনে সেনা মোতায়েন না হওয়া প্রসঙ্গে সিইসি এটিএম শামসুল হুদা মঙ্গলবার বলেন, “এ বিষয়ে সরকার ও ইসির ভুল বোঝাবুঝি (মিস আন্ডারস্ট্যান্ডিং) হয়েছে।”
সেনা না দেওয়ার ব্যাখ্যা চেয়ে গত ৩ নভেম্বর ইসির দেওয়া চিঠির জবাব সশস্ত্র বাহিনী বিভাগ রোববার দিয়েছে বলে জানান তিনি।
চিঠিতে কী ব্যাখ্যা দেওয়া হয়েছে জানতে চাইলে সিইসি বলেন, “ভুল বোঝাবুঝির বিষয়টিই চিঠিতে বলা হয়েছে। নির্বাচনে সেনা চাওয়ার আগে কিছু ফরমালিটিজ করতে হয়। মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করে চিঠি দেওয়া এবং প্রতিরক্ষামন্ত্রী দেশের বাইরে থাকায় সেনা মোতায়েন সম্ভব হয়নি। এখন আমরা চিঠির জবাব নিয়ে আগে-পরের খুঁটিনাটি পর্যবেক্ষণ করে দেখবো।”
এর আগে গত চারদলীয় জোট সরকার এবং বর্তমান সরকারের আমলে পৌর ও দুটি উপ-নির্বাচনে সেনা চেয়ে না পেলেও এরকম ঘটনায় এবারই প্রথম ব্যাখ্যা পেলো ইসি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসি শুরুতে সেনা মোতায়েন চায়নি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি সমর্থক প্রার্থী তৈমুর আলম খন্দকারের দাবির পর সেনা মোতায়েনে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দেয় ইসি।
তবে ওই নির্বাচনে শেষ পর্যন্ত সেনা মোতায়েন হয়নি। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কমিশন ও সরকার।
এ অবস্থায় নির্বাচনের দিন (গত ৩০ অক্টোবর) বিকেলে সিইসি বলেছিলেন, এ বিষয়ে সরকারের সঙ্গে ‘বোঝাপড়া’ হবে।
নারায়ণগঞ্জ নির্বাচনে ভোটগ্রহণের মাত্র সাড়ে সাত ঘণ্টা আগে তা বর্জনের ঘোষণা দিয়ে তাদের সমর্থিত প্রার্থী তৈমুর আলমকে প্রত্যাহার করে নেয় বিএনপি। বর্জনের কারণ হিসেবে নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার এবং সেনা মোতায়েন না হওয়াসহ বেশ কয়েকটি বিষয়কে কারণ হিসেবে তুলে ধরেছিলো দলটি।
ইসিকে সব ধরনের সহায়তা করার কথা সংবিধানের ১২৬ অনুচ্ছেদে বলা হয়েছে।
সেনা না দেওয়ার পেছনে নির্বাচন কমিশনের অনেকটা ‘দুর্বলতা’ ছিল মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচনের আগে নিয়ম অনুযায়ী আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বৈঠক করা হয়। আর ওই বৈঠকে সেনাবাহিনীকে রাখা হয়। বৈঠকে সেনাবাহিনী তাদের নিজস্ব পর্যবেক্ষণ উপস্থাপন করে থাকে। কিন্তু এসব কিছু এবার হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে আর কিছু জানাতে পারেনি।”
তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী [প্রধানমন্ত্রী শেখ হাসিনা] অস্ট্রেলিয়ায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হজে থাকায় ওই সময় সেনা মোতায়েনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে সেনা মোতায়েন প্রসঙ্গে প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে বলেছিলেন, “নির্বাচন কমিশন এমন একটা সময় সেনাবাহিনী চেয়ে চিঠি পাঠালো, যখন দেশের বাইরে আমরাও ব্যস্ত ছিলাম।”
‘সংবিধান লঙ্ঘন হয়নি’
সেনা মোতায়েন না হওয়ায় সংবিধান লঙ্ঘন হয়েছে কি না জানতে চাইলে সিইসি শামসুল হুদা মঙ্গলবার বলেন, “আমি এমনটা মনে করি না।”
“সংবিধান লঙ্ঘনের বিষয়টি এতো স্ট্রেইট ফরওয়ার্ড নয়।” মন্তব্য করে তিনি বলেন, “এটা অনেক কিছুর ওপর নির্ভর করে। এটা একটা সম্পর্কের বিষয়। কোনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় কো-অর্ডিনেট করে সরতে হয়।”
সেনা মোতায়েন না হওয়াকে ‘সংবিধান লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে বিএনপি বলেছিল, এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন ‘অকার্যকর’ সংস্থায় পরিণত হয়েছে।
মঙ্গলবার কমিশনকে দেওয়া এক চিঠিতেও বিএনপি দাবি করেছে, ওই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত বুঝতে পেরে সরকার সেনা মোতায়েন করেনি এবং এতে সংবিধান লঙ্ঘন হয়েছে।
অবশ্য প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা গত ৩ নভেম্বর এক অনুষ্ঠানে বলেন, সেনা মোতায়েন না হওয়ায় সংবিধানের ব্যত্যয় ঘটেনি।
তিনি বরাবরই নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষপাতি ছিলেন না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার মঙ্গলবার বলেন, “কথায় কথায় সেনাবাহিনী নিয়োগের কথা বলা উচিত নয়। অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী মাঠে ভালোভাবে দায়িত্ব পালন করে, তখন সেনানিয়োগ হলে অন্যবাহিনী গা ছেড়ে দেয়।”
তবে সেনা মোতায়েন প্রসঙ্গে নারায়ণগঞ্জ নির্বাচনের দুদিন আগে সিইসি বলেছিলেন, “সাংবিধানিকভাবে তারা [সরকার] দিতে বাধ্য। তবে আমি আইনের কথা বলবো না। এটা মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে হয়। তাদের উচিত ছিলো, আমাদের সঙ্গে কথা বলা।”
মঙ্গলবার শামসুল হুদা বলেন, “এ ধরনের বাধ্যবাধকতা পূরণের একটি প্রক্রিয়া থাকা উচিত।”
