সিলেট, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ নির্মাণে ভারতে চুক্তি এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে ১ ডিসেম্বর সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নগরীর আগ্রা কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও নগর বিএনপির এক সভায় সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে হরতাল পালনের সিদ্ধান্ত হয়।
সভা শেষে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী সাংবাদিকদের জানান, ১ ডিসেম্বর সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
“টিপাইমুখে বাধ নির্মাণ এবং এ বিষয়ে সরকারের নির্লিপ্ততার বিরুদ্ধে এ কর্মসূচি গ্রহন করা হয়েছে,” বলেন তিনি।
বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য গত ২২ অক্টোবর কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে বিনিয়োগ চুক্তি করে মণিপুর রাজ্য সরকার। তবে শুক্রবার বিষয়টি গণমাধ্যমে আসে।
চুক্তির খবর প্রকাশের পর বাংলাদেশে এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, টিপাইমুখ বাঁধ নিয়ে সরকার ‘নিশ্চুপ’ ভূমিকা গ্রহণ করেছে।
সরকারের কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে ভারত সরকারের বিবৃতি পাওয়ার পর বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।
টিপাইমুখে বাঁধ নির্মাণ নিয়ে ‘সরকারের ভূমিকার প্রতিবাদে’ হরতাল ছাড়াও ২৪ নভেম্বর থেকে বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপি ও অঙ্গ সঙ্গঠনগুলো।
প্রথম দিন সিলেট শহরে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। ২৬ নভেম্বর উপজেলা ও থানা পর্যায়ে বিক্ষোভ হবে। ২৭ নভেম্বর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে মহানগর ছাত্রদল। ২৮ নভেম্বর একই ধরনের কর্মসূচি পালন করবে মহানগর স্বেচ্ছাসেবক দল। এছাড়া ২৯ নভেম্বর যুবদল এবং ৩০ নভেম্বর জেলা ও মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
সভা শেষে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক এমএম গাফ্ফার, সাংগাঠনিক সম্পাদক আলী আহমেদ এবং আব্দুল কাইয়ূম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৪৩৫ ঘ.
bdnews24