ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংরক্ষিত পাঁচটি নারী আসনের নির্বাচনের প্রার্থীদের খেলাপি ঋণ বিষয়ে তথ্য চেয়ে অর্থ বিভাগের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন সচিব।
কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সময় ঋণখেলাপি শনাক্ত করায় তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসারকে সহযোগিতা করতে এ সহযোগিতা চাওয়া হয়।”
গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৪৫ থেকে ৫০ আসনে উন্নীত করা হয়।
বর্ধিত পাঁচ আসনের সবগুলো পাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, “২০০৪ সালে প্রণীত জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী রাজনৈতিক দল ও জোটের অনুকূলে নতুন পাঁচটি আসন বণ্টন করা হয়েছে।”
তিনি জানান, পাঁচ জনের বেশি মনোনয়ন জমা দিলেই কেবল ভোটাভুটি হবে। আর না হলে প্রত্যাহারের শেষদিনই ঘোষণা করা হবে নির্বাচিতদের নাম।
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় দলীয় মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা বলে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দলটির উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাশ।
গত বুধবার সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর মনোনয়ন জমার শেষ সময়। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ ডিসেম্বর। ভোট গ্রহণ হবে ২৬ ডিসেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০১৭ ঘ.
bdnews24