২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা নির্বাচনের তফসিল মঙ্গলবার

নির্বাচন কমিশন জানিয়েছে, সব জটিলতার অবসানের পরই সিদ্ধান্ত হয়েছে নির্বাচনের সময়সূচি জানানোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল মঙ্গলবার ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সোমবার কমিশন সভায় দীর্ঘ আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। তিনি বলেন, “সব ধরনের জটিলতা নিরসন হয়েছে। কাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে।” ছহুল জানান, বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। “সীমানা সংক্রান্ত জটিলতার সংশোধিত গেজেটও প্রকাশিত হয়েছে। ভোটার তালিকাও চূড়ান্ত। এখন শুধু তফসিল ঘোষণার পালা,” বলেন তিনি। গত জুলাইয়ে দুটি পৌরসভা নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠিত হয়। স্থানীয় সরকার আইন অনুযায়ী, প্রতিষ্ঠার ১৮০ দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এ নির্বাচন করতে হবে। সিটি কর্পোরেশন গঠনের পর ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডের দুটি এলাকা নিয়ে জটিলতা দেখা দেয়। সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়ার পর গেজেট সংশোধন করা হয়। ইসি কর্মকর্তারা জানান, বৈঠকে কুমিল্লায় সব কেন্দ্রে ইলেকট্রোনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রস্তুতি সম্পর্কেও জানানো হয়। ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন জানান, কুমিল্লায় সাধারণ ওয়ার্ড ২৭, সংরক্ষিত ওয়ার্ড নয়টি। ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ১৯৯ জন এবং মহিলা ভোটার ৮৬ হাজার ৭৪ জন। এখানে ভোটকেন্দ্র ৬৫টি এবং ভোটক্ষ রয়েছে ৪২১টি। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ১ জন রিটার্নিং কর্মকর্তা এবং নয় জন সহকারী রিটার্নিং কর্মকর্তা রাখা হবে বলে ইসি কর্মকর্তারা জানান। বর্তমান ইসির মেয়াদে এটি সিটি কর্পোরেশনের শেষ নির্বাচন। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭৫৫ ঘ.