২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ঢাকা জেলা সভাপতি আমি: হুদা

আব্দুল মান্নান বিএনপির ঢাকা জেলার ভারপ্রাপ্ত সভাপতি পরিচয় দিয়ে কর্মীদের বিভ্রান্ত করছেন বলে দাবি করেছেন নাজমুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 06:43 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুল মান্নান বিএনপির ঢাকা জেলার ভারপ্রাপ্ত সভাপতি পরিচয় দিয়ে কর্মীদের বিভ্রান্ত করছেন বলে দাবি করেছেন নাজমুল হুদা। তিনি রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, গঠনতন্ত্র অনুযায়ী তিনিই দলের ওই শাখার সভাপতি। নাজমুল হুদা বলেন, “আমার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সঙ্গে সঙ্গে নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও নির্বাচিত জেলা সভাপতি পদ স্বাভাবিকভাবেই পুনরুজ্জীবিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, আমি সেই পদ দুটি ফিরে পেয়েছি। সুতরাং ঢাকায় জেলার সভাপতি পদে এখন আর ভারপ্রাপ্ত থাকার কারো সুযোগ নেই।” গতবছরের ২১ নভেম্বর দলের শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের জন্য নাজমুল হুদাকে বহিষ্কার করে বিএনপি। এরপর ঢাকা জেলা শাখার সহসভাপতি আবদুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তবে কয়েক মাস আগে নাজমুল হুদার বহিষ্কারাদেশ পুনরায় প্রত্যাহার করা হয়। তার ক্ষেত্রে একই ঘটনা আগেও ঘটেছিলো। সংবাদ সম্মেলন ডাকার কারণ ব্যাখ্যা করে নাজমুল হুদা বলেন, “তারেক রহমানের জন্মদিন পালন উপলক্ষে আগামী ২২ নভেম্বর ধামরাইতে একটি অনুষ্ঠানে খালেদা জিয়া যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। ধামরাই ঢাকার উপজেলা হওয়ায় সঙ্গত কারণেই জেলা সভাপতির দায়িত্বের বিষয়টি চলে আসে। কারণ গত কয়েকদিন ধরে সমাবেশে আবদুল মান্নান সাহেব নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি পরিচয় দিচ্ছেন।” সাবেক মন্ত্রী মান্নানের বিষয়ে তিনি বলেন, “মান্নান সাহেব এজন সজ্জন ব্যক্তি। তিনি আমার অবর্তমানে দায়িত্ব পালন করেছেন মাত্র।” নতুন রাজনৈতিক দল গঠনের যে খবর প্রকাশ হয়েছে, তা নাকচ করে নাজমুল হুদা বলেন, “বিএনপি আমাকে রাজনৈতিক পরিচয়, জনপ্রিয়তা, ক্ষমতা ও দেশসেরার সুযোগ দিয়েছে। এসব গ্রহণ করে আমি ধন্য। যে দলটি আমাকে এত কিছু দিয়েছে, সেই দলকে কী আমি ভাঙবো?” ভাবমূর্তি বিনষ্ট করতেই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন হুদা। রোববার একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিএনপি ভাঙতে জাতীয়তাবাদী ফ্রন্ট নামে একটি সংগঠনের গঠন প্রক্রিয়ার সঙ্গে নাজমুল হুদা জড়িত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০০৩৬ ঘ.