ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আগামী ৭ ডিসেম্বর থেকে সাক্ষ্য নেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তার পক্ষে দায়ের করা দুটি আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ঠিক করেছে।
দুটি আবেদনের একটিতে ট্রাইব্যুনাল প্রধান পদে বিচারপতি নিজামুল হকের থাকার বৈধতা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়। অন্যটিতে সাঈদীর বিচার মুলতবির আবেদন করা হয়।
শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশে বলে, প্রথম আবেদনের বিষয়ে আগামী বুধবার ব্যাখ্যা দেওয়া হবে। এ ছাড়া দ্বিতীয় আবেদনের ক্ষেত্রে আসামিপক্ষকে ৭ ডিসেম্বরের মধ্যে তাদের সাক্ষীর তালিকা জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।
ওই দিন থেকেই সাক্ষ্যগ্রহণ শুরুরও ঘোষণা দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে দুপুর থেকে বিচার শুরুর জন্য ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের বক্তব্য দেওয়ার আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একাত্তরের যুদ্ধাপরাধের এ বিচার চালিয়ে নেওয়া কৌঁসুলিদের প্রধান গোলাম আরিফ টিপুর বক্তব্যের মধ্য দিয়ে সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সাঈদীর বিরুদ্ধে বিভিন্ন অখিযোগের বয়ান প্রায় এক ঘণ্টা দেওয়ার পর প্রধান প্রসিকিউটার গোলাম আরিফ অন্য প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমানকে ৮৮ পৃষ্ঠার লিখিত বক্তব্যের বাকি অংশ তুলে ধরতে বলেন। তিনি কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পর বাকি অংশ পরদিন শুনবে বলে জানায় আদালত।
সকালে শুনানিতে সাঈদীর আইনজীবী আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালের প্রধান হিসেবে নিজামুল হকের বিচারকাজ চালিয়ে যাওয়ার কারণ জানতে চেয়ে করা আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
তার পক্ষে দাঁড়িয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, হাইকোর্টে বিচারপতি নিজামুল হকের ওপর তার আস্থা থাকলেও এখানে পরিস্থিতি ভিন্ন। "এখানে নৈতিকতার প্রশ্ন জড়িত, সেই সঙ্গে রাজনৈতিক ও আইনি প্রশ্নও জড়িত," বলেন তিনি। একই কথা বলেন রাজ্জাকও।
যুদ্ধাপরাধের বিচারে দুই দশক আগে জাহানারা ইমামের নেতৃত্বে তদন্ত কমিশনের সঙ্গে সম্পৃক্ত থাকায় নিজামুল হককে নিয়ে আপত্তি টাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলো সাঈদীর আইনজীবীরা। তবে ট্রাইব্যুনাল বলেছে, কোনো বিচারককে অব্যাহতি দেওয়ার এখতিয়ার তাদের নেই।
সাঈদীর আইনজীবীদের বক্তব্য দেওয়া শেষ হলে ট্রাইব্যুনালে উপস্থিত সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম কথা বলতে দাঁড়ান। এ নিয়ে ব্যারিস্টার রাজ্জাক আপত্তি তুললেও আদালত তাকে কথা বলার সুযোগ দেয়।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আসামি পক্ষ এমন কোনো যুক্তি বা প্রমাণ দিতে পারেনি, যাতে প্রমাণ হয়, বিচারপতি নিজামুল হক পক্ষপাতদুষ্ট।
এ নিয়ে সাঈদী আবেদন যৌক্তিকভাবেই নাকচ করা হয়েছে বলে মত প্রকাশ করেন তিনি।
তবে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের সমালোচনা করে রাজ্জাক বলেন, "তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, আমরা গুরুত্ব দিচ্ছি আইনি প্রশ্নটি।"
সাঈদীর পক্ষে এরপর তাজুল ইসলামও বক্তব্য রাখেন। তিনি বিচার মুলতবির আবেদন করলে ট্রাইব্যুনাল বলে, ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের সঙ্গে সঙ্গে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাইবুনালের বিধি অনুযায়ী, আসামি পক্ষ প্রস্তুতির জন্য ২১ দিন সময় নিতে পারে।
এরপর আর সময় না দিয়ে ৭ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ঠিক করে আদালত।
যুদ্ধাপরাধের অভিযোগে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াত নেতা সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। প্রসিকিউশন বিভাগ সাঈদীর বিরুদ্ধে ৩১টি অপরাধের অভিযোগ আনলেও তার মধ্যে ২০টি অভিযোগ গ্রহণ করে তার ভিত্তিতে অভিযোগ গঠন হয়।
একাত্তরে ৩ হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন 'দেইল্লা রাজাকার' নামে চিনতো।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া।
এ ছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএল/পিডি/এএইচ/এমআই/০০১৫ ঘ.
bdnews24