২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর কর ফাঁকি: পেছালো অভিযোগ গঠন শুনানি

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। রোববার আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক আগামী ১৯ জানুয়ারি শুনানির দিন রাখেন। এ নিয়ে দশম বারের মতো এ মামলার অভিযোগ গঠনের শুনানি পেছানো হলো। এর আগে আবেদনের পক্ষে কোকোর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ আদালতকে বলেন, গত বছরের ৯ জুন হাইকোর্ট মামলার কার্যক্রম কেন বাতিল ও অকার্যকর হবে না- এ মর্মে রুল জারি করে। ওই রুলের রুলের শুনানি না হওয়া পর্যন্ত এ আদালতে অভিযোগ গঠনের শুনানি মুলতবি করা হোক। পরে আদালত আগামী ১৯ জানুয়ারি শুনানির দিন রাখেন। মামলার অভিযোগে বলা হয়, কোকো আয়কর বিবরণীতে ২০০২ করবর্ষ থেকে ২০০৭ করবর্ষ পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন করে এর উপর প্রযোজ্য আয়কর ফাঁকি দিয়েছেন। গত বছরের ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার শাহীন আক্তার হোসেন মামলাটি করেছিলেন। মুদ্রা পাচারের অপর এক মামলায় ইতোমধ্যে কোকোর ছয় বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। তাকে পলাতক দেখিয়ে ওই রায় দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৭৩০ ঘ.