ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওদুদ আহমেদ বলেছেন, বর্তমান সরকারের পতন হলে তারেক রহমান দেশে ফিরে আসবেন।
রোববার তিনি বলেন, "আমাদের নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই আগামী সরকার গঠিত হবে।"
রোববার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ অভিযোগ করেন, "বর্তমান সরকার ও ফখরুদ্দীন-মইন উ আহমেদের সরকারের মধ্যে কোনো তফাৎ নেই। এই দুইটি সরকারই বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মকাণ্ডে জড়িত।"
"তারেককে তারা ভয় পায়।" মন্তব্য করে তিনি বলেন, "তার দেশে ফিরে আসার বিষয়টি নির্ভর করছে আন্দোলনের ওপর। আন্দোলন সফল হলেই তার ফেরা নিশ্চিত করা যাবে।"
"একমাত্র একটি সফল আন্দোলনের ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন। বর্তমান একদলীয় সরকারের পতন হলে তারেক দেশে ফিরে আসবেন।" যোগ করেন তিনি।
এর আগে বিএনপি দাবি করেছিল, তারেকের বিরুদ্ধে মামলার উদ্দেশ্য হলো তাকে আগামী জাতীয় নির্বাচন থেকে দূরে রাখা।
তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে একই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান।
তার বিরুদ্ধে ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার দুই মামলা এবং অর্থ পাচারের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে '১/১১ এর ষড়য়ন্ত্র, তারেক রহমান ও আজকের বাংলাদেশ' শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করে জাতীয় নাগরিক সংসদ নামে এক সংগঠন।
রোববার (২০ নভেম্বর) তারেক রহমানের বয়স ৪৫ পূর্ণ হচ্ছে।
এ অনুষ্ঠানে আগামী নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমেদ।
তিনি বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের 'নীতিগত সিদ্ধান্ত' নিলেই কেবল তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি।
সাবেক এ আইনমন্ত্রী বলেন, "বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল দলীয় সরকার কিংবা অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে নির্বাচনে যাবে না। বর্তমান সরকারকে বলব, দেশে শান্তি ও স্থিতিশীলতা চাইলে আপনারা ঘোষণা দিন- আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হবে। এ ব্যাপারে সংসদে বিল আনবেন। তাহলেই কেবল আলোচনায় আমরা বসতে পারি।"
"নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো আরও অর্থবহ করা যায়- তা নিয়ে আলোচনা হবে পারে।" যোগ করেন তিনি।
গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। শুরু থেকে এর বিরোধিতা করে আসা বিএনপি এ ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৫৪৭ ঘ.
bdnews24