ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিএনপির কিছু বলার থাকলে সংসদে এসে বিল উত্থাপনের আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার এক আলোচনা সভায় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময় এ ধরনের বিল উত্থাপন করতে চাইলেও আপনারা সে সুযোগ দেননি। আমরা আপনাদের এ সুযোগ দেব। তবে সরকার এ বিষয়ে পুনর্বহাল বিল আনবে এটা চিন্তা করা 'দিবা স্বপ্নের' সামিল।"
এ সময় ক্ষমতাসীন দলের অন্য নেতাদের মতোই তত্ত্বাবধায়ক সরকার বিষয়টিকে 'মৃত' অভিহিত করে কামরুল বলেন, "এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ নেই।"
"তবে আপনারা বেসরকারি দিবসে সংসদে এসে এ সংক্রান্ত বিল উত্থাপন করতে পারেন। যৌক্তিক আলোচনার মাধ্যমে আপনাদের দাবি উপস্থাপন করুন।" যোগ করেন আইন প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার জাতীয় সংসদের বেসরকারি দিবস।
গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এর আগে তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট।
শুরু থেকে এ ব্যবস্থা বাতিলের বিরোধিতা করে আসা বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
শনিবার রিপোটার্স ইউনিটিতে 'তারেক কোকো ও যুদ্ধাপরাধীদের রক্ষায়- খালেদার দেশ ধ্বংসের রাজনীতি' শিরোনামের ওই আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, "বিভিন্ন পত্রিকায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক সংসদে ফিরে আসার আকুতি জানিয়েছেন। আমরাও চাই তারা সংসদে আসুক।"
দেশের মানুষ প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী সামনা-সামনি বসে আলোচনা করছেন দেখতে চায় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
এরপর তিনি বিএনপির উদ্দেশে বলেন, "আমরাও চাই আপনারা সংসদে এসে কীভাবে সবার ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা যায় এ বিষয়ে খোলা মনে আলোচনা করুন।"
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচার প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী কামরুল বলেন, "ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। আন্তর্জাতিক বিশ্বও চায় এ সব ঘৃণিত খুনিদের বিচার হোক। সরকার এ শাসনামলেই শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে।"
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সাত নেতা যুদ্ধাপরাধের অভিযোগে বর্তমানে আটক রয়েছেন। এ অবস্থায় বিএনপি তাদের বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
যুদ্ধাপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিএনপিপ্রধান খালেদা জিয়া গত সপ্তাহে ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিবকে লিখিত অভিযোগও দেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগসহ বিরোধী দলের আন্দোলনের মুখে বিএনপি সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করে।
চলতি বছর এ ব্যবস্থা বাতিলের পর এর পুনবর্হালে বিএনপির আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তসহ কয়েকজন নেতা বিষয়টিকে 'মৃত ইস্যু' বলে অভিহিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/১৮১৬ ঘ.
bdnews24