২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নতজানু সরকার বাঁধের প্রতিবাদও জানায়নি'

ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণ নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 'নিরবতার' সমালোচনা করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 06:23 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণ নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 'নিরবতার' সমালোচনা করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। শনিবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, "নতজানু পররাষ্ট্র নীতির কারণে সরকার দেশের স্বার্থপরিপন্থী কোনো কাজের প্রতিবাদ জানাতে পারে না। ভারতে টিপাইমুখে বাঁধ নির্মাণের চুক্তি হলেও সরকার প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি।" বরাক নদীতে এই বাঁধ হলে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলেও উল্লেখ করেন তিনি। এই বাঁধ নির্মাণের মাধ্যমে একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য গত ২২ অক্টোবর কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে বিনিয়োগ চুক্তি করে মণিপুর রাজ্য সরকার। তবে শনিবার এ খবর বাংলাদেমের গণমাধ্যমে আসে। ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার পর বাংলাদেশে ২০০৮-২০০৯ সময়ে তীব্র প্রতিক্রিয়া হয়। এই পরিপ্রেক্ষিতে ২০১০ সালের জানুয়ারিতে শেখ হাসিনার ভারত সফরের সময় দুই প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে মনমোহন সিং প্রতিশ্র"তি দিয়েছিলেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ টিপাইমুখে নেওয়া হবে না। জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতা ফারুক বলেন, "সরকার কেবল টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদ জানাতেই ব্যর্থ হয়নি, আমাদের নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করতেও তারা ব্যর্থ হয়েছে।" বর্তমান সংসদকে 'একদলীয় ও অকার্যকর' আখ্যায়িত করে বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, "সংসদে বিরোধী দল জনগণের পক্ষে কথা বলতে পারে না। এই সংসদ অচল হয়ে আছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন সরকারের কাছে জানতে চেয়েছিলেন- কেন সংসদে বিরোধী দল নেই। তারা (সরকার) কোনো জবাব দিতে পারেনি।" বাংলাদেশ সফরে এসে গত ১৫ নভেম্বর ঢাকায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী দলের মতপার্থক্য দূর করতে সংলাপ হওয়া প্রয়োজন। বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করতে কারিগরি সহায়তা দিতে জাতিসংঘ তৈরি বলেও জানান তিনি। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকারের 'অপপ্রচার' বন্ধের দাবিতে জিসাস এই মানববন্ধনের আয়োজন করে। রোববার তারেকের ৪৭তম জন্মদিন। জয়নুল আবদিন ফারুক বলেন, "তারেক রহমানকে ভয় পায় বলেই মিথ্যাচার করছে আওয়ামী লীগ। কিন্তু এতে কোনো কাজ হবে না।" বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেককে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ওই বছর ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। চলতি বছর ৮ অগাস্ট অর্থ পাচার মামলায় তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তাকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জিসাসের সভাপতি আবুল হাশেম রানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২১৬ ঘ.