ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ পরিচালনায় মহাজোট পুরোপুরি ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি নেতা এম কে আনোয়ার বলছেন, সরকার এখন যে কোনো উপায়ে টিকে থাকতে চাইছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "এ সরকার দেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে গেছে। তারা বুঝতে পেরেছে, জনগণের ভোট আর তারা পাবে না। এজন্য পোড়ামাটির নীতি গ্রহণ করেছে।"
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার বলেন, সরকারের 'অযোগ্যতা ও অদক্ষতায়' জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
"রাষ্ট্র পরিচালনার জন্য গত কয়েক মাসে তারা ব্যাংক থেকে ১৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, এর মধ্যে ১১ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া হয়েছে," বলেন তিনি।
সাবেক এ মন্ত্রীর আশঙ্কা, জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে মূল্যস্ফীতি আরো বাড়বে।
আনোয়ার বলেন, "বিদ্যুৎখাতে ভাড়াভিত্তিক প্রকল্পের নামে সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন করে বিনা টেন্ডারে তা দলীয় লোকজনকে দেওয়া হয়েছে। এ সব বিদ্যুৎ প্রকল্প থেকে বেশি দামে বিদ্যুৎ কেনার জন্য এভাবে তেলের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুতের দামও সরকার আবার বাড়াবে।"
পররাষ্ট্র নীতির সমালোচনা করে তিনি বলেন, "পররাষ্ট্রমন্ত্রী তিন বছরের দেড় বছর বিদেশে কাটালেও দেশের ভাবমূর্তি বাড়েনি। তিস্তার পানি বণ্টন চুক্তির জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে হচ্ছে।"
সরকার এখন 'জনবিচ্ছিন্ন' দাবি করে তাদের উৎখাতে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে নামতে জনগণের প্রতি আহ্বান জানান আনোয়ার।
বিএনপি সমর্থিত কৃষিবিদদের সংগঠন 'এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ' আয়োজিত 'জ্বালানি তেলের দাম বৃদ্ধি : জনদুর্ভোগ চরমে' শীর্ষক এ সভায় আলোচনা করেন সংগঠনের সভাপতি ফজলুল হক, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক এম এ মাজেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৪০ ঘ.
bdnews24