২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সংসদ সদস্য ইলেন ভুট্টোর গাড়িবহরে হামলা

ঝালকাঠীর নলছিটি উপজেলায় হামলায় পড়েছে সাবেক বিএনপি সংসদ সদস্য ইলেন ভুট্টোর গাড়িবহর। এ জন্য ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দায়ী করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঝালকাঠী, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর নলছিটি উপজেলায় হামলায় পড়েছে সাবেক বিএনপি সংসদ সদস্য ইলেন ভুট্টোর গাড়িবহর। এ জন্য ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দায়ী করেছেন তিনি। শুক্রবার দুপুরে দপদপিয়া ইউনয়ের শিমুলতলা এলাকায় হামলা হয় গাড়িবহরে। ইলেন জানিয়েছেন, তিনি এলাকাবাসীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ইলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে এক দল নেতাকর্মী শিমুলতলা এলাকায় তার সঙ্গে থাকা মাইক্রোবাসে হামলা চালায়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। আহত হন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ কয়েকজন। ইলেন অভিযোগ করেছেন, তার সঙ্গীদের মোবাইল ফোন ও টাকাও ছিনিয়ে নেওয়া হয়। ইলেনের এ অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই ঘটনা বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ঘটেছে। ছাত্রলীগের কেউ এতে জড়িত নয়।" নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাংচুর বা হামলার বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ আসেনি । গত সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হয়ে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠি সদর আসনে নির্বাচন করেন। মহাজোট প্রার্থী আমির হোসেন আমুর কাছে হেরেছিলেন তিনি। ২০০১ এর নির্বাচনে আমুকে হারিয়ে সংসদ সদস্য হয়েছিলেন ইলেন। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৪ ঘ.