ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ভেতরে সঙ্কট ঘনীভূত হচ্ছে উল্লেখ করে বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, এই সঙ্কটেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন ঘটবে।
শুক্রবার সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, "তাদের ব্যর্থতার সীমা নেই। সরকারের ভেতরেই সঙ্কট দিনে দিনে ঘনীভূত হচ্ছে। তাদের দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পদত্যাগ করেছেন বলে বাজারে সংবাদ আছে। অথচ তিনি কিছুই বলছেন না। এর রহস্যটা কী।"
যুক্তরাষ্ট্রের বাংলা ভাষার সংবাদ সংস্থা নিউজ ওয়ার্ল্ড গত ১৪ নভেম্বর খবর দেয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতপার্থক্যের কারণে আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। পরে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ বিষয়টিকে 'অসত্য ও বানোয়াট খবর' বলে উড়িয়ে দেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় মওদুদ বলেন, সরকারের ব্যর্থতায় দেশে বর্তমানে 'অর্থনৈতিক মন্দা' চলছে।
"সরকার প্রতিদিন ব্যাংক থেকে ১৩৩ কোটি টাকার ধার নিচ্ছে। আগামী মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনÑভাতাও ধার করে দিতে হবে। এভাবে ধার কিংবা ঋণ নিয়ে কোনো সরকার চলতে পারে না।"
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের মতে, বিশ্ব অর্থনৈতিক মন্দার সঙ্গে দেশের এই পরিস্থিতির কোনো সর্ম্পক নেই।
"এই মন্দার জন্য সরকারের ব্যর্থতা ও অযোগ্যতাই দায়ী। পুঁজিবাজার থেকে ৮৬ হাজার কোটি টাকা তুলে নেওয়ার কারণে এই সঙ্কটের সৃষ্টি হয়েছে", বলেন মওদুদ।
সরকারের মদদেই পুঁজিবাজারে সঙ্কট সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে এই আইনজীবী বলেন, "তারেক রহমানের বিরুদ্ধে মামলায় শঙ্কিত হওয়ার কিছু নেই। আদালতে শাস্তি দেওয়া হলেও ভবিষ্যতে ওই আদালতে তা বাতিল হবে বলে আমরা বিশ্বাস করি।"
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ খালেদা জিয়ার বড় ছেলে তারেককে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ওই বছর ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। চলতি বছর ৮ অগাস্ট অর্থ পাচার মামলায় তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তাকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
মওদুদ বলেন, "মামলা দিয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের জনপ্রিয়তা কমানো যাবে না। যত দিন যাবে, তার জনপ্রিয়তা বাড়বেই।"
বিএনপিপন্থী স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় সংগঠনের চেয়ারম্যান কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় নেতা জেরিন খান, আবু নাসের মো. রহমাতুল্লাহ ও ফরিদা ইয়াসমীন আলোচনা সভায় বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪০৫ ঘ.
bdnews24