২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশে সাক্ষ্য না পাওয়ায় বিদেশি ভদ্রমহিলা সাক্ষী'

তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় এফবিআই কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ প্রসঙ্গে এ মন্তব্য করেছেন বিএনপিনেতা মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় দেশে সাক্ষ্য না পেয়ে সরকার এফবিআই কর্মকর্তা ডেবরা লেপ্রেভোটের সাক্ষ্য নিয়েছে বলে মন্তব্য করেছেন মওদুদ আহমেদ। নিয়ম অনুযায়ী মামলার অভিযোগপত্রে সাক্ষীদের নাম থাকতে হবে উল্লেখ করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেছেন, সাক্ষী হিসেবে নাম না থাকলেও তার সাক্ষ্য নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অর্থ পাচার মামলায় যুক্তরাষ্ট্রের সরকারি তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তা লেপ্রেভোট সাক্ষ্য দেন বুধবার। তার সাক্ষ্য নেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘনের অভিযোগে বুধবার তাকে জেরা না করেই আদালত বর্জন করেন মামলার আরেক আসামি গিয়াসউদ্দিন আল মামুনের আইনজীবীরা। তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে একই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "অভিযোগপত্রভুক্ত সাক্ষীদের থেকে উপযুক্ত প্রমাণ মেলেনি বলেই এখন সরকার পক্ষ বিদেশ থেকে সাক্ষী এনে সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করেছে। এক বিদেশি ভদ্রমহিলার সাক্ষ্যও গ্রহণ করা হয়ে গেছে। দেশের সাক্ষী থেকে সাক্ষ্য পাওয়া যায়নি বলে এটা করা হয়েছে।" "বিদেশি সাক্ষী আনা হলে বিদেশি আইনজীবী আনার সুযোগ দেওয়া হয়নি কেন?"- প্রশ্ন তোলেন তিনি। ২০০৯ সালের ২৬ অক্টোবর দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়, একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কার্যাদেশ পাইয়ে দিতে তারেক ও মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা ঘুষ নেন এবং তা সিঙ্গাপুরে পাচার করেন। গত ৮ অগাস্ট তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এফবিআই কর্মকর্তা লেপ্রেভোট আদালতে বলেন, গত তত্ত্বাবধায়ক সরকার ও দুর্নীতি দমন কমিশনের অনুরোধে তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের সিঙ্গাপুরের সিটি (এনএ) ব্যাংকের হিসাব পরীক্ষা করেন তিনি। খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনের 'রাষ্ট্রনায়ক' হিসেবে অভিহিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। বর্তমান সরকার তারেক রহমানকে ভয় পায় বলেই মিথ্যা মামলা দিয়ে তার ভাবমূর্তি ক্ষুণœ করার 'অপচেষ্টা' করছে বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমানের ৪৭তম জন্মদিন উপলক্ষে 'তারেক রহমান ও ভবিষ্যৎ রাজনীতির প্রেক্ষাপট' শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করে ইওথ ফোরাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭১১ ঘ.