নরসিংদী, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যামামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর অপসারণের দাবি আবারো তুলেছে আওয়ামী লীগের এ নেতার পরিবার।
তারা বলছেন, ভাই আসামি হওয়ায় মন্ত্রী তাকে বাঁচাতে তদন্ত প্রভাবিত করতে পারেন; যদিও এক দিন আগেই পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার জানান, তারা চাপমুক্ত থেকেই কাজ করছেন।
বুধবার বিকালে পৌর শহরের সেবা সংঘের মোড়ে এক প্রতিবাদ সভায় লোকমানের ভাই কামরুজ্জামান বলেন, "মামলার অন্যতম আসামি সালাউদ্দিন বাচ্চু মন্ত্রীর আপন ভাই। তাই আমাদের আশঙ্কা, তিনি মন্ত্রী থাকলে তদন্ত কাজে প্রভাব বিস্তার করতে পারেন।"
"আমাদের বিশ্বাস, প্রধানমন্ত্রী নিশ্চয় জানেন- কে লোকমানের হত্যাকারী। তাই লোকমান হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহিত করলে কেউ মানবে না। আমরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি," বলেন তিনি।
এক টেলিভিশনে দেওয়া মন্ত্রী রাজুর বক্তব্য উদ্ধৃত করে লোকমানের ভাই বলেন, "তিনি বলেছেন, তার ভাই তদন্তে দোষী প্রমাণিত হলে তিনি পরিবারের পক্ষে থাকবেন। ভাইয়ের পক্ষ হয়ে আইনি লড়াইয়ে নামবেন।"
'নরসিংদী পৌরবাসী' ব্যানারে সভায় সমবেতরা তখন মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেয়।
গত ১ নভেম্বর নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি লোকমান সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর কামরুজ্জামান যে মামলাটি করেছেন, তার ১৪ আসামির অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী।
লোকমানের আরেক ভাই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ বলেন, "স্বজন হারানোর কষ্ট প্রধানমন্ত্রী নিজেও অনুভব করেন। তাই লোকমান হত্যার প্রকৃত বিচার না হলে নরসিংদীর মানুষের মনের হাহাকার থামবে না।"
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু।
বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম শফিক, কাউন্সিলর অনিল ঘোষ, ইয়াসমিন বেগম, ফখরুল আহমেদ ফারুক, সুব্রত দাশ প্রমুখ।
এর আগে সকালে নরসিংদী সরকারি কলেজে লোকমান স্মরণে সভা হয়। এতে বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
কলেজ ছাত্র সংসদ আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল বলেন, "আমি চালাক হলে লোকমান হত্যাকাণ্ডের পরদিনই টেলিযোগাযোগমন্ত্রী রাজুর ভাই সালাউদ্দিন বাচ্চুর ফাঁসি দাবি করতাম। তাহলে আমার পরবর্তী বক্তব্য নিয়ে এত সমালোচনা হতো না। কিন্তু মামলার তদন্ত কাজ শেষ না করে কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়।"
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন প্রতিবাদ সভায় যোগ দেওয়া লোকমানের ভাই শামীমসহ অন্যরা।
লোকমান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন নরসিংদী শহর যুবলীগ সভাপতি আশরাফুল সরকার, সেলিম ও মাসুদুর রহমান টিপন ওরফে পঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২২৪১ ঘ.
bdnews24