ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের মা বলেছেন, এরশাদ ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ছেলের আত্মা শান্তি পাবে।
নূর হোসেনের মা মরিয়ম বিবি বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, "আমার ছেলেকে হত্যার পরই তো দেশের জনগণ তৎকালীন স্বৈরশাসককে ক্ষমতা থেকে টেনে নামিয়েছে। তার মানে দেশের জনগণই এ হত্যার বিচার করেছে।"
"তবে ঘটনার জন্য [এইচ এম] এরশাদ যদি জনগণের সামনে দাঁড়িয়ে ভুল স্বীকার করে ক্ষমা চান তাহলে ছেলের আত্মা শান্তি পবে।" যোগ করেন মরিয়ম।
তিনি বলেন, "নূর হোসেন যে গণতন্ত্রের আশায় জীবনকে উৎসর্গ করেছিল তা এখনো বাস্তবায়িত হয়নি।"
বৃহস্পতিবার সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে ছেলের স্মৃতি সৌধে ফুল দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মরিয়ম বিবি।
এ সময় নূর হোসেনের ভাই আলী হোসেন ও বোন রেহানা উপস্থিত ছিলেন।
১৯৮৭ সালের এই দিনে এইচ এম এরশাদের সামরিক শাসনবিরোধী আন্দোলনের সময় ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর 'জিরো পয়েন্টে' পুলিশের গুলিতে নিহত হন যুবলীগকর্মী নূর হোসেন।
নূর হোসেন ছাড়াও সেই আন্দোলনে আরেক যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো পুলিশের গুলিতে নিহত হন। তাদের আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্র হয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
তারপর থেকেই ১০ নভেম্বর পালিত হচ্ছে নূর হোসেন দিবস হিসেবে। আর জিরো পয়েন্টের নামকরণ হয় নূর হোসেন চত্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৮৪৫ ঘ.
bdnews24