২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

রাঙামাটি, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে আরো একজন। নিহত অমূল্য ধন চাকমা ওরফে রিকেন (৪০) জেলার নানিয়াচর সদর ইউনিয়নের লারমা পাড়া এলাকার দ্বীনাথ কারবারীর ছেলে। বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নে ঘিলাতলির বাগক্কো পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। বুধবার সকালে জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বুইয়োছড়ি এলাকায় পার্বত্য চুক্তির পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও বিপক্ষ ইউপিডিএফ-এর মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত ও দুইজন গুলিবিদ্ধ হয়। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পাহাড়ে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটলো। জুরাছড়ি থানার ওসি আতাউর রহমান সাংবাদিকদের বলেন, রিকেন সকাল ১০টার দিকে ঘিলাতলির বাগক্কো পাড়া থেকে শিলছড়ি বাজারে যাচ্ছিলো। পথে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। রিকেনের সঙ্গে থাকা সমীরণ চাকমা (৩৫) পায়ে গুলিবিদ্ধ হন বলে জানান ওসি। সেনা সদস্যরা ঘটনাস্থল থেকে রিকেনের মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইউপিডিএফ বৃহস্পতিবারের ঘটনার জন্য পিসিজেএসএসকে দায়ী করেছে। তবে পিসিজেএসএস হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ইউপিডিএফ নেতা ও গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক মাইকেল চাকমা ঘটনার জন্য পিসিজেএসএসকে দায়ী করে রক্তপাত বন্ধের আহ্বান জানান। অন্যদিকে পিসিজেএসএস-এর কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা হত্যাকাণ্ডে নিজেদের সংগঠনের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ এর অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিডিনিউজ টোয়েডন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৮৩৬ ঘ.