নরসিংদী, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর মেয়র লোকমান হোসেন নিহত হওয়ার পর নরসিংদী সার্কিট হাউজ ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন।
এছাড়া ট্রেনে আগুনের মামলায় তার জামিন আবেদনের শুনানির জন্য আগামী রোববার দিন রেখেছে আদালত। নরসিংদীর বিচার বিভাগীয় হাকিম নিতাই চন্দ্র সাহা বৃহস্পতিবার এই আদেশ দেন।
লোকমান হোসেন হত্যা মামলা থেকে বুধবারই খোকনকে অব্যাহতি দেয় আদালত।
তার আইনজীবী আব্দুল কাদের টিটো বলেন, "এক মামলায় জামিন পেলেও অন্য মামলায় জামিন আবেদনের শুনানি না হওয়ায় আপাতত তাকে কারাগারেই থাকতে হচ্ছে।"
গত ১ নভেম্বর রাতে নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে আহত হন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতেই তার মৃত্যু হয়।
নরসিংদী জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে ওই রাতেই ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন পুলিশ তাকে নরসিংদীর আদালতে হাজির করে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে আবেদন করে।
লোকমান নিহত হওয়ার পরপরই বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা ১ নভেম্বর রাতে নরসিংদী ডাকবাংলো ও রেলওয়ে স্টেশনে ব্যাপক ভাংচুর করে। পরদিন বেলা ১১টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনে আগুন দেওয়া হয়।
এদিকে হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর গত বৃহস্পতিবার রাতে লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান একটি মামলা করেন। এতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করা হয়, যাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। তবে আসামিদের মধ্যে খোকনের নাম নেই।
এছাড়া সার্কিট হাউজ ভাংচুর ও ট্রেন পোড়ানোর ঘটনায় আরো দুটি মামলা হয়।
বুধবার ওই দুটি মামলায় খোকনকে গ্রেপ্তার দেখানো হলে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত শুনানির জন্য দিন রেখে খোকনকে কারাগারে পাঠায়।
বিএনপি দাবি করে আসছে, হয়রানির উদ্দেশ্যেই খোকনকে এভাবে মামলায় জড়ানো হয়েছে। তাদের দাবি, আওয়ামী লীগের অন্তর্কোন্দলেই লোকমান নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১২২৯ ঘ.
bdnews24