২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরামুলের জামিন আবেদন নাকচ

চাঁদাবাজি মামলায় শীর্ষকাগজ সম্পাদক একরামুল হকের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 05:08 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলায় শীর্ষকাগজ সম্পাদক একরামুল হকের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী বুধবার দুপুরে এ আদেশ দেন। একরামুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতের (রিমান্ড) আবেদনও নাকচ করে দেন তিনি। একরামুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সোলেমান হোসেন। একরামুলের আইনজীবী রায়হান মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি চাঁদাবাজি মামলায় গত ৩১ জুলাই প্রথম গ্রেপ্তার করা হয় সাপ্তাহিক শীর্ষকাগজ ও শীর্ষনিউজ ডটকম সম্পাদককে। সে দুটি মামলায় জামিন পেয়ে গত ১ নভেম্বর রাতে মুক্তি পান একরামুল। কিন্তু কারাগারের ফটক থেকে একরামুলকে আবারো গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। এরপর তাকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের পরিদর্শক হাবিবুর রহমানের দায়ের করা এ মামলার আজাহারে বলা হয়, গত ১২ জুন পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে একরামুল বাদীর সরকারি কার্যালয়ে ঢুকে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং প্রতিমাসের ৭ তারিখের মধ্যে এক লাখ টাকা করে চাাঁদা দিতে হবে বলে হুমকি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরআরডি/জেকে/২৩০৫ ঘ.