২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিএনপি নেতা খুন

রাজধানীর শেরে বাংলা নগরে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ, যিনি বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 08:11 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরে বাংলা নগরে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ, যিনি বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন। বুধবার সকাল ১০টার দিকে শেরে বাংলানগরে সরকারি কর্মচারীদের কোয়ার্টারের পাশে একটি কেবল নেটওয়ার্ক সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল বাকী মিল্টন (৪০) শেরেবাংলা নগর ক্যাবল নেটওয়ার্ক নামের ওই প্রতিষ্ঠানের মালিক। তিনি শেরে বাংলা নগর ইউনিট বিএনপির সহসভাপতি ছিলেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। শেরেবাংলা নগর থানা বলছে, মিল্টনের বিরুদ্ধে একজন পুলিশ উপপরিদর্শককে হত্যা ছাড়াও মাদক ব্যবসার অভিযোগে মামলা রয়েছে। শেরেবাংলা নগর ইউনিট বিএনপির সভাপতি একে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিল্টনের মাথা, গলা ও পিঠে গুলির চিহ্ন ছিল। সকালে লাশ উদ্ধারের পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় লোকজন রক্ত ধুয়ে ফেলে। মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৩ সালে আগারগাঁও বস্তিতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের গুলিতে মিরপুর থানার উপপরিদর্শক হুমায়ুন কবির নিহত হন। ওই হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন মিল্টন। "এছাড়া তার বিরুদ্ধে আরো ৩/৪টি মামলা রয়েছে", যোগ করেন ওসি। মিল্টনের স্ত্রী লাবণী জেসমিন কারো নাম উল্লেখ না করে সাংবাদিকদের বলেন, "ঘনিষ্ঠ বন্ধুরাই আমার স্বামীকে হত্যা করেছে।" তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিল্টনের হত্যাকারীদের ইতোমধ্যে সনাক্ত করা হয়েছে। তারা যে হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলো- প্রাথমিক তদন্তে তাও নিশ্চিত হওয়া গেছে। "এদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে", বলেন তিনি। ইমাম হোসেন জানান, আগারগাঁও এলাকার একটি জমি নিয়ে এক ব্যাক্তির সঙ্গে মিল্টনের বিরোধ চলছিল। এর জেরেই মিল্টন খুন হন বলে পুলিশের ধারণা। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিল্টন যে অফিসে খুন হন সেখানে নিয়মিত মাদক সেবনের আসর বসতো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কয়েকজন সরকারি কর্মকর্তারও সেখানে যাতায়াত ছিল বলে তথ্য পাওয়া গেছে। এর সত্যতা পাওয়া যায় মিল্টনের অফিসসংলগ্ন সরকারি স্টাফ কোয়ার্টারের এক বাসিন্দার মুখ থেকেও। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে বিভিন্ন শ্রেণীর লোকজন আসতো। অনেক রাত পর্যন্ত আড্ডা চলতো। কিন্তু কেউ কিছু বলার সাহস পেতো না।" মিল্টনের শ্বশুর মো. ইলিয়াস চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ১১টার কিছু আগে মিল্টনের সঙ্গে শেষবার টেলিফোনে কথা হয় তার। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। "কোনো কাজে ব্যস্ত আছে ভেবে তার সঙ্গে আর যোগাযোগ করিনি। সাধারণত গভীর রাতেই সে বাসায় ফিরতো। অনেক সময় অফিসেই রাত কাটিয়ে দিতো", বলেন ইলিয়াস। তিনি জানান, বুধবার সকালেও মিল্টনের কোনো খোঁজ না পেয়ে তার বড় ভাই জামাল কেবল নেটওয়ার্কের অফিসে গিয়ে দেখেন দরজা ভেড়ানো। ভেতরে ঢুকে মেঝেতে মিল্টনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তিনি। মিরপুরের শেওড়াপাড়ায় স্ত্রী সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন মিল্টন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/জেকে/২০৩৯ ঘ.