২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গণভবনের দ্বার সবার জন্য খোলা'

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সর্বস্তরের মানুষের জন্য গণভবনের দ্বার সব সময় খোলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 08:47 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সর্বস্তরের মানুষের জন্য গণভবনের দ্বার সব সময় খোলা। সোমবার গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের লক্ষ্য দেশের মানুষ উন্নতভাবে বাঁচবে। আমরা বাংলাদেশকে সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে চাই।" মানুষ এবার ভালোভাবে ঈদ করতে পারছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাড়ি যেতে কোনো অসুবিধা হয়নি। জনগণ ভালোভাবেই তাদের গন্তব্যে যেতে পেরেছে। "এবার রাস্তা ভাঙ্গা, রাস্তাখারাপ- এসব শুনতে হয়নি। শেষ দিকে রাস্তায় কিছুটা জ্যাম ছিল। ট্রেনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সময়সূচি অনুসরণ করতে কিছুটা অসুবিধা হয়েছে। তবে শেষ দিকে তা আবার নিয়ন্ত্রণে আনা গেছে", বলেন তিনি। এ দেশের মানুষের পারিবারিক বন্ধন 'অত্যন্ত দৃঢ়' উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, "এ দেশের মানুষ পরিবারের সঙ্গে মিলে ঈদ করে। এটা আমার খুব ভালো লাগে।" তিস্তা চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "শুধু তিস্তা নয়, এবার সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ৫৩টি নদীর পানি বণ্টন নিয়েই আলোচনা হবে।" গত ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। দৃশ্যতঃ এই পরিপ্রেক্ষিতেই দুই দেশের মধ্যে ট্রানজিটের সম্মতিপত্র বিনিময়ের বিষয়টিও স্থগিত করে বাংলাদেশ। তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের পাশাপাশি ভারতের গণমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়। মনমোহন হতাশা প্রকাশ করে বলেন, চুক্তি না হওয়াটা দুঃখজনক। ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই গত শনিবার নয়া দিল্লিতে সাংবাদিকদের জানান, গত সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় 'অমীমাংসিত থাকা' বিষয়গুলো নিয়ে মালদ্বীপে সার্ক সম্মেলনে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। চলতি সপ্তাহে মালদ্বীপের আদ্দু দ্বীপে এই সম্মেলনে মালদ্বীপ, বাংলাদেশ ও ভারত ছাড়াও সার্কের সদস্য দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন। এ বিষয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, "ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে সার্ক সম্মেলনে আলোচনা হবে।" শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী প্রথমে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও কার্যনির্বাহী কমিটির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সারাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় অনেকেই তাদের সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। কেউ কেউ আবার সাহায্যের জন্যও আবেদনপত্র নিয়ে আসেন। শেখ হাসিনা ধৈর্য ধরে তাদের কথা শোনেন এবং আবেদনপত্রগুলো গ্রহণ করেন। এরপর এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ ও আনিসুল হকের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি দল প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের সঙ্গে সাক্ষাত শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, কূটনীতিক এবং বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/জেকে/১৪৪২ ঘ.