২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রী বলেছেন আমায় দেখবেন: তৈমুর

দলীয় সিদ্ধান্তে শেষ মুহূর্তে নারায়ণগঞ্জের নির্বাচন থেকে সরে দাঁড়ানো তৈমুর আলম খন্দকারকে ঈদের দিনে সান্ত্বনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সিদ্ধান্তে শেষ মুহূর্তে নারায়ণগঞ্জের নির্বাচন থেকে সরে দাঁড়ানো তৈমুর আলম খন্দকারকে ঈদের দিনে সান্ত্বনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদুল আজহা উপলক্ষে সোমবার ইস্কাটনে লেডিস ক্লাবে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিরোধীদলীয় নেতা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুরও যান সেখানে। দলের অনেক নেতার মতো তৈমুর নারায়ণগঞ্জ থেকে স্থানীয় কয়েকজন নেতাকে নিয়ে খালেদার সঙ্গে দেখা করতে আসেন। কূটনীতিকদের সঙ্গে খালেদার শুভেচ্ছা বিনিময় পর্বের পর লাইনে দাঁড়িয়ে দলীয় প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেন তৈমুর। তৈমুর লেডিস ক্লাব থেকে বেরিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডাম (খালেদা) আমাকে বলেছেন, তুমি দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছো, তা আমি দেখবো। তোমার আত্মত্যাগ আমি জানি। দলের প্রয়োজনে নির্বাচন থেকে তোমাকে সরে আসতে হয়েছে। চিন্তা করো না।" "আমিও ম্যাডামকে বলেছি, আমি কখনো আপনার অবাধ্য হইনি। ভবিষ্যতেও হবো না," বলেন তৈমুর। নারায়ণগঞ্জে নির্বাচনের পর ঈদের দিনই প্রথম খালেদার সঙ্গে দেখা করলেন তৈমুর। তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির নেতা এ টি এম কামাল, রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুল মালেক, শ্রমিক দলের রবি মেম্বার প্রমুখ। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সমর্থনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন তৈমুর। তবে ভোটগ্রহণের সাড়ে সাত ঘণ্টা আগে বিএনপি ভোট বর্জনের ঘোষণা দিলে কান্নাজড়িত কণ্ঠে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান তৈমুর। এরপর তৈমুর বলেছিলেন, "নেত্রীর নির্দেশে আমি নিজেকে কোরবান দিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪২ ঘ.