২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ নভেম্বর ছুটির দাবি বিএনপির

৭ নভেম্বর সরকারি ছুটি পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপি। বর্তমানে সরকারিভাবে পালিত না হলেও বিএনপি দিনটি পালন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 11:43 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭ নভেম্বর সরকারি ছুটি পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপি। বর্তমানে সরকারিভাবে পালিত না হলেও বিএনপি দিনটি পালন করছে। রোববার সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "৭ নভেম্বরে বিপ্লবের মাধ্যমে দেশে একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিলো। ১৯৭৫ এর ৭ নভেম্বর সিপাহী-জনতার সম্মিলিত বিপ্লবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পায়। বর্তমান সরকার এই দিনের ছুটি বাতিল করে। আমরা এই ছুটি পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি।" "বর্তমান সরকার এই ছুটি বাতিল করে প্রমাণ করেছে, তারা বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌমত্বে বিশ্বাসী নয়," বলেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর আলোচিত একটি দিন। কার্যত এ দিনেই জিয়াউর রহমানের উত্থান ঘটে, যিনি পরে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন। ৭ নভেম্বর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন নামে পালন করে। বিএনপি এ দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এ দিনে সরকারি ছুটি থাকে। সোমবার বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে- ভোরে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, দুপুর ২টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। '৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজনৈতিক পালাবদলের এক পর্যায়ে ঢাকা সেনানিবাসে বন্দি হন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি সেনাপ্রধান হয়েছিলেন। নভেম্বরের শুরুতে সেনাবাহিনীতে খালেদ মোশাররফ ও তার অনুসারীরা জিয়াকে গৃহবন্দি করেন। এরপর ৭ নভেম্বর কর্নেল তাহেরের নেতৃত্বে এক দল সেনা সদস্য জিয়াকে মুক্ত করেন। এরপর নিহত হন খালেদ মোশাররফসহ তার কয়েকজন সঙ্গী। জাসদ এ দিনটি পালন করে সিপাহী-জনতার অভ্যূত্থান দিবস হিসেবে। অন্যদিকে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে দিনটি পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৩৬ ঘ.