২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকনের মুক্তি দাবি করেছে বিএনপি

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যার ঘটনায় গ্রেপ্তার খায়রুল কবীর খোকনের মুক্তির দাবিতে সমাবেশ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

নরসিংদী, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যার ঘটনায় গ্রেপ্তার খায়রুল কবীর খোকনের মুক্তির দাবিতে সমাবেশ করেছে বিএনপি। শনিবার সকালে শহরের ভেলানগরের এই সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। মঙ্গলবার রাতে নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে নিহত হন দলের শহর শাখা সাধারণ সম্পাদক লোকমান। ওই রাতেই পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে। জেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সদস্য সানাউল্লাহ মিয়া, ফেরদৌস আহমেদ খোকন, সুলতান উদ্দিন মোল্লা, তোফাজ্জল হোসেন মাস্টার, জয়নাল আবেদিন প্রমুখ বক্তব্য দেন। তারা অবিলম্বে খোকনের মুক্তির দাবি জানান। লোকমান হত্যার পরপরই ছাত্রলীগ নরসিংদী শহরে ব্যাপক বিক্ষোভ ও ভাংচুর করে। তিন দিনের হরতাল ডাকে ছাত্রলীগ। বুধবার নরসিংদীতে একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এ ঘটনায় লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান একটি মামলা করেন। এতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। এদের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২২ ঘ.