২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার আমলে 'সেনা হত্যার' শ্বেতপত্র চান দিলীপ

জিয়াউর রহমানের সময়ে বিভিন্ন 'অভ্যুত্থানে' নিহত সামরিক বাহিনীর সদস্য এবং 'গোপন আদালতে' দণ্ডিতদের বিষয়ে একটি 'শ্বেতপত্র' প্রকাশের দাবি জানিয়েছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 11:18 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানের সময়ে বিভিন্ন 'অভ্যুত্থানে' নিহত সামরিক বাহিনীর সদস্য এবং 'গোপন আদালতে' দণ্ডিতদের বিষয়ে একটি 'শ্বেতপত্র' প্রকাশের দাবি জানিয়েছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। ৭ নভেম্বর 'মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস' উপলক্ষে শনিবার এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, "পঁচাত্তরের ৭ নভেম্বর থেকে শুরু করে ১৯৮২ সাল পর্যন্ত জিয়াউর রহমানের আমলে সেনা ও বিমান বাহিনীর অসংখ্য সদস্যকে হত্যা করা হয়েছে। ক্যাঙ্গারু কোর্টে অনেককে দণ্ড দেওয়া হয়েছে। "এ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হলে ভবিষ্যতে হত্যা ও ক্যু'র রাজনীতির ধারকরা এ ধরনের কিছু করতে আর সাহস পাবে না", যোগ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনার পর হত্যাকারীদের 'উৎখাত করার' লক্ষ্যে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়। ওই সময় তৎকালীন সেনাপ্রধান জিয়াকে আটক করা হয়। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে যুক্ত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের ৭ নভেম্বর এক পাল্টা অভ্যুত্থানে জিয়াকে মুক্ত করেন। যাতে যুক্ত ছিলেন জাসদের নেতা-কর্মীরাও। অবশ্য পরে তাহেরকে সামরিক আদালতে 'বিচার' করে ফাঁসিতে ঝোলানো হয়। ১৯৭৫ এর নভেম্বরের ঘটনাপ্রবাহের ধারাবাহিকতায় নবীন বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক চরিত্র বদলে যেতে থাকে এবং তা মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতমুখে যাত্রা শুরু করে। এর মাধ্যমে দীর্ঘ সেনাশাসনের ভিত্তিও রচিত হয়। ৭ নভেম্বরের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়া, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক। রাজনৈতিক দলগুলো ৭ নভেম্বরকে ভিন্ন ভিন্ন নামে ও চেতনায় পালন করে থাকে। বিএনপি 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস', আওয়ামী লীগ 'মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস' এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) 'সিপাহী-জনতার অভ্যুত্থান' দিবস হিসেবে দিনটি পালন করে। শিল্পমন্ত্রী অভিযোগ করেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। এর ধারাবাহিকতা রক্ষা করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি এখন যুদ্ধাপরাধীদেরও 'যুদ্ধাপরাধী নয়' সনদ দিয়ে বেড়াচ্ছেন। অনুষ্ঠানের প্রধান বক্তা আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, একাত্তরে পরাজিত শক্তি পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে 'প্রতিশোধ নেওয়া' শুরু করে। এরই ধারাবাহিকতায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। "৭ নভেম্বর অসংখ্য মুক্তিযোদ্ধা সৈনিককে হত্যা করা হয়। পরবর্তীতে তার (জিয়ার) শাসনামলের শেষ পর্যন্ত এই হত্যাযজ্ঞ অব্যাহত থাকে।" আইন প্রতিমন্ত্রী বলেন, "শুধু ৭ নভেম্বর নয়, জিয়ার পুরো আমলই রক্তে রঞ্জিত ছিল। খালেদ মোশাররফ, কর্নেল তাহেরসহ অসংখ্য সেনা কর্মকর্তাকে তিনি হত্যা করেছেন।" ৭ নভেম্বর 'মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস' উপলক্ষে বঙ্গবন্ধু এডাডেমি ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭১১ ঘ.