শেরপুর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে নির্বাচন বর্জনে বিএনপির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
তিনি বলেছেন, "কোরবানির ঈদ ৭ নভেম্বর হলেও নারায়ণগঞ্জে তৈমুর আলম খন্দকারকে তার দল ৩০ অক্টোবর রাত ১টা ২০ মিনিটে কোরবানি দিয়েছে। এ রকম অ্যাডভান্স কোরবানি দেওয়ার কোনো কী মানে আছে।"
ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার নিজের এলাকা নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নে দুস্থদের মধ্যে ভিজিএফের চাল ও অর্থ বিতরণের সময় মতিয়া এ কথা বলেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আগ মুহূর্তে সেনা মোতায়েন না হওয়ার কারণ দেখিয়ে বিএনপি ভোট বর্জনের ঘোষণা দেয়। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এর প্রতিক্রিয়ায় বলেন, দলের ইচ্ছায় তিনি নিজেকে কোরবানি দিয়েছেন।
দেশ পরিচালনায় মহাজোট সরকার সফল দাবি করে কৃষিমন্ত্রী মতিয়া বলেন, "আওয়ামী লীগ পাওয়ারে (ক্ষমতায়) থাকলে মানুষ কিছু পায়। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন। শেখ হাসিনা মানুষকে দিয়েই যাচ্ছেন।"
এ প্রসঙ্গে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া, কৃষকদের সার দেওয়া এবং গরিব মানুষকে কম দামে চাল দেওয়ার কথা তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, "আপনারা হাসি মুখে ঈদ করুন, সবার পেটে ভাত থাকুক, এটাই আমাদের চাওয়া।"
কৃষিমন্ত্রী বানেশ্বর্দী ছাড়াও গণপদ্দী, নকলা সদর, উরফা ও গৌরদ্বার ইউনিয়নের ৭ হাজার ৭৫০ জনের মধ্যে প্রতিটি ভিজিএফ কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেন। এছাড়া নিজের তহবিল থেকে প্রতি ইউনিয়নে ১০০টি শীতবস্ত্র এবং ১৩১ জনকে নগদ ৫০০ করে করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৫ ঘ.
bdnews24