২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমানের জানাজায় জনতার ঢল

সন্ত্রাসীদের গুলিতে নিহত নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেনকে বুধবার সন্ধ্যায় শহরের শালিধা পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

নরসিংদী, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের গুলিতে নিহত নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেনকে বুধবার সন্ধ্যায় শহরের শালিধা পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম বাদ আছর প্রথম নামাজে জানাজা এবং শহরের কাউরিয়া পাড়া পৌর ঈদগায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। স্টেডিয়ামে জানাজায় নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে মানুষের ঢল নামে। জানাজায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কেন্দ্রীয় নেতা বাহাউদ্দিন নাসিম, আফজাল হোসেন, লে. কর্নেল (অব) নজরুল ইসলাম হিরু বীর প্রতীক এমপি, ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, জহিরুল হক ভূইয়া মোহন এমপি, অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান, নরসিংদী জেলা প্রশাসক ওবায়দুল আজম, পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া অংশ নেন। মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের সদর রোডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে গুরুতর আহত হন লোকমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাতে নরসিংদী সার্কিট হাউস এবং রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে। বুধবার সকালে ট্রেন চলাচল আবার শুরু হলেও বিক্ষুব্ধরা এগারোসিন্দুর এক্সপ্রেসের কয়েকটি বগিতে আগুন দেওয়ার পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কিশোরগঞ্জ ও ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ আবার বন্ধ হয়ে যায়। নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমানকে হত্যার প্রতিবাদে রাতেই ৭২ ঘণ্টার হরতাল ডাকে জেলা ছাত্রলীগ। নরসিংদী শহরের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সকাল থেকে বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন সড়কে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়। লোকমান হোসেন বাংলাদেশ টেক্সটাইল মিলস ঔনার্স এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও বাংলাদেশ মেয়র এসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এক কন্যা ও এক পুত্রের জনক লোকমান শ্রেষ্ঠ মেয়র হিসেবে দুইবার স্বর্ণপদক লাভ করেন। নরসিংদীর পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূইয়া বলেন, "জনরোষ ঠেকাতে আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পুলিশ নরসিংদীতে আনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্ততার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।" লোকমানের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী সরকারী কলেজের ভিপি শামীম নেওয়াজ এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নরসিংদী জেলা আওয়ামী লীগ পৌর মেয়র লোকমান হোসেনের মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে তিন দিনের শোক পালন, ঘরে ঘরে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত নেয়। এছাড়া শুক্রবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকেলে প্রতিবাদ সভা করা হবে। লোকমান হোসেন নিহত হওয়ার পর মঙ্গলবার রাত ৩টার দিকে নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলটির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে নরসিংদী পুলিশ নিয়ে গেছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৫৫ ঘ.