২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারের সংবিধান লঙ্ঘনে ইসি অকার্যকর'

সরকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা না দেওয়ায় 'সংবিধান লঙ্ঘন' হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি 'অকার্যকর' সংস্থায় পরিণত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা না দেওয়ায় 'সংবিধান লঙ্ঘন' হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি 'অকার্যকর' সংস্থায় পরিণত হয়েছে। ৭ নভেম্বর সামনে রেখে বুধবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, "নারায়ণগঞ্জের সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে সরকার সংবিধান লঙ্ঘন করে নিবাচন কমিশনকে অকার্যকর করেছে। তাই কোনো দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচন মানবে না।" গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াত আইভী বিপুল ভোটে বিজয়ী হন। সরকার নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সেনা মোতায়েন না করায় ভোট শুরুর মাত্র ৭ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার দলের সিদ্ধান্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান। নারায়ণগঞ্জে 'একদলীয়' ভোট হয়েছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, "নির্বাচন কমিশন এ নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। সরকারও সেনা মোতায়েন না করে সংবিধানের ১২৬ ধারা লঙ্ঘন করেছে। এটা আসলে আওয়ামী লীগের ধাঁধা খেলার নির্বাচন ছিল।" এই বিএনপি নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়ে দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশে যে অরাজক পরিস্থিতি ছিলো- এখনও সেইরকম অবস্থা বিরাজ করছে। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজনৈতিক পালাবদলের এক পর্যায়ে ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়। ওই সময় তৎকালীন সেনাপ্রধান জিয়াকে আটক করা হয়। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে যুক্ত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের ৭ নভেম্বর এক পাল্টা অভ্যুত্থানে জিয়াকে মুক্ত করেন। নিহত হন খালেদ মোশাররফসহ অনেক সেনা কর্মকর্তা। অবশ্য পরে তাহেরকে সামরিক আদালতে 'বিচার' করে ফাঁসিতে ঝোলান জিয়া। বিএনপি প্রতি বছর ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে পালন করে থাকে। চলতি বছর ওই দিনটিতে কোরবানীর ঈদ হওয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার আয়োজন করা হয় বুধবার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারকে হঠাতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান খন্দকার মোশাররফ। তিনি বলেন, "এবারের ৭ নভেম্বরে আমাদের শপথ হোক- দেশের গণতন্ত্র রক্ষা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব নিশ্চিত করতে বর্তমান তাবেদার সরকারকে হঠাতে হবে।" সরকার ক্ষমতা কুক্ষিগত করতেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে- এমন অভিযোগ করে মোশাররফ বলেন, "তারা চায় না নিরপেক্ষ নির্বাচন হোক। দেশনেত্রী খালেদা জিয়া সরকারের এ ষড়যন্ত্র বুঝতে পেরেই বলে দিয়েছেন- কোনো দলীয় সরকারের অধীনে আগামীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।" দলের সহসভাপতি টি এইচ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, এম আনোয়ার, নজরুল ইসলাম খান, সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, মুশফিকুর রহমান, এ এইচ এম আবদুল হালিমসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা এই আলোচনা সভায় অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। খোকনের মুক্তির দাবিতে মিছিল বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনের নিঃশর্ত মুক্তির দাবিতে আলোচনা সভার পর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সমানে এসে শেষ হয়। মঙ্গলবার রাতে তিনটায় খিলগাঁও এর বাসা থেকে খোকনকে সাদা পোষাকে গোয়েন্দা পুলিশ আটক করে। নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন মঙ্গলবার খুন হওয়ার পর গভীর রাতে নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলটির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপি নেতাদের দাবি, লোকমান হোসেন খুন হয়েছেন আওয়ামী লীগের দলীয় কোন্দলে। আর সরকার ষড়যন্ত্রমূলকভাবে খোকনকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৯০৮ ঘ.