ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তি দাবি করেছে বিএনপি।
বুধবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ দাবি জানান।
পাশাপাশি সরকারের পক্ষ থেকে এই নেতার 'অবস্থান' সম্পর্কে কিছু জানানো হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন নিহত হওয়ার পর মঙ্গলবার রাত ৩টার দিকে খায়রুল কবীর খোকনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রিজভী বলেন, "রাত ৩টার দিকে খিলগাঁওয়ের বাসা থেকে সাদা পুলিশ সদস্যরা খোকনকে তুলে নিয়ে যায়। এরপর থেকে আমরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ঢাকা পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও তার অবস্থান জানতে পারছি না।"
অবশ্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বুধবার সকালে খোকনকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খোকনের স্ত্রী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বলেন, "আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। বিনা গ্রেপ্তারি পরোয়ানায় তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এভাবে আটকের কারণে আমরা উৎকণ্ঠিত।"
এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, "দলীয় কোন্দলে আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন নিহত হয়েছেন। এখন তারা উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর জন্য কী করছে আমরা তা জানি না।"
মঙ্গলবার রাত ৮টার দিকে নরসিংদী শহরের সদর রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে গুরুতর আহত হন নরসিংদীর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকসহ মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৩২৯ ঘ.
bdnews24