২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দলীয় প্রার্থীকে মেয়র করতে ঢাকা ভাগের ষড়যন্ত্র'

সরকার 'নির্বাচনী বৈতরণী' পার হতে ষড়যন্ত্রমূলকভাবে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 07:06 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার 'নির্বাচনী বৈতরণী' পার হতে ষড়যন্ত্রমূলকভাবে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, "দলীয় প্রার্থীকে মেয়র পদে নির্বাচিত করতে সরকার হীন উদ্দেশ্যে ঐতিহ্যবাহী ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।" সোমবার মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকার (সিটি করপোরেশ) আইন ২০০৯ এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করার মাধ্যমে বিষয়টি সংসদে তোলার জন্য চূড়ান্ত করা হয়। এ প্রস্তাবে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে দুটি আলাদা করপোরেশন করার কথা বলা হয়েছে। উত্তরের করপোরেশনের আওতায় থাকবে ঢাকার ৩৯ ওয়ার্ড, আর দক্ষিণ পাবে ৫৬টি। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সরকারি ছুটি ঘোষণার দাবিতে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) মানববন্ধন কর্মসূচিতে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, "পৃথিবীর সব বড় মহানগরীরই দেখভাল করছে একটি সিটি করপোরেশন। লণ্ডন, কলকাতাসহ ঐতিহ্যবাহী মহানগরীগুলো একটি করপোরেশনেরই অধীনে। আর বাংলাদেশে সরকার ডিসিসিকে ষড়যন্ত্র করে দুই ভাগ করছে।" সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, জিয়া সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস মতিন প্রধান মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২৪৫ ঘ.