ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়েছেন শামীম ওসমানের ভাই সেলিম ওসমান।
নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ এবং নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিম সংগঠন দুটির পক্ষ থেকে এ অভিনন্দন বার্তা পাঠান বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রোববার অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে শামীমকে ১ লাখেরও বেশি ভোটে হারিয়ে মেয়র পদে বিজয়ী হন আইভী। শামীমও ইতোমধ্যে পরাজয় মেনে নিয়ে আইভীকে অভিনন্দন জানিয়েছেন।
বিকেএমইএ'র প্যাডে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেলিম আশা করছেন, আইভীর নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়নের গতিধারা সঞ্চারিত হবে।
নতুন মেয়র হিসেবে আইভী ব্যবসায়ী সমাজ, জনগণ তথা প্রশাসনিক কাঠামোর মধ্যে সমম্বয় সাধন করে কাজ করবেন বলে আশা করছেন সেলিম।
ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আইভীকে সহযোগিতারও আশ্বাস দেন শামীমের ভাই।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এমআই/১৯৩৯ ঘ.
bdnews24