ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন বয়কটের পর ফলাফল নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে চাচ্ছেন না বিএনপি নেতারা।
রোববার দিনভর ভোটগ্রহণের পর রাত ১১টা পর্যন্ত ফলাফলে দেখা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী জয়ের পথে রয়েছেন। হারতে চলছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান, যাকে জেতানোর চেষ্টা ছিলো বলে বিএনপির অভিযোগ।
ভোটের এ ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান কোনো কথা বলতে রাজি হননি।
একই বিষয়ে স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তো এ নির্বাচনেই নেই।"
সেনা মোতায়েন না হওয়ায় ভোটগ্রহণ শুরুর সাড়ে ৭ ঘণ্টা আগে কেন্দ্রীয় বিএনপি এ নির্বাচন বয়কটের ঘোষণা দেয় বিএনপি। এরপর নারায়ণগঞ্জে তাদের প্রার্থী তৈমুর আলম খন্দকার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
তবে ভোটগ্রহণ চলাকালে রোববার দুপুরে নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপি নেতারা।
জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে মাহবুবুর রহমান বলেন, "নারায়ণগঞ্জের নির্বাচনে ভোটগ্রহণের নামে প্রহসন চলছে। সরকারের ছকে বাঁধা এটি একটি নীলনকশার নির্বাচন হচ্ছে।"
বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক জাতীয় প্রেসক্লাবের সামনে অন্য এক কর্মসূচিতে বলেন, "এক জন গডফাদারকে বিজয়ী করতে সরকার নির্বাচনকে বিতর্কিত করেছে।"
নির্বাচন বয়কটের কারণ হিসেবে সেনা মোতায়েন না করার পাশাপাশি ভোটারদের হুমকি দেওয়া এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তুলে ধরে বিএনপি।
দলীয় সিদ্ধান্ত ঘোষণার পর শনিবার মধ্যরাতে কান্নাজড়িত কণ্ঠে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তবে ব্যালট পেপারে নাম থেকে যাওয়ায় তার পক্ষেও ভোট পড়ে।
ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তৈমুর রোববার রাতে সাংবাদিকদের বলেন, "এ রেজাল্টে আমি ডেড ম্যান। আমি দলীয় নেত্রীর ইচ্ছায় নিজেকে কুরবান দিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৩৩ ঘ.
bdnews24