২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থিতায় তিন বছরের বাধ্যবাধকতা বাতিলে বিল

সংসদ নির্বাচনে প্রার্থী হতে তিন বছর রাজনৈতিক দলের সদস্যপদ থাকার বাধ্যবাধকতার বিধান বিলুপ্তির প্রস্তাব করে সংসদে বেসরকারি বিল আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 06:05 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনে প্রার্থী হতে তিন বছর রাজনৈতিক দলের সদস্যপদ থাকার বাধ্যবাধকতার বিধান বিলুপ্তির প্রস্তাব করে সংসদে বেসরকারি বিল আনা হয়েছে। বৃহস্পতিবার একাদশ অধিবেশনের প্রথম বেসরকারি সদস্য দিবসে বিলটি উত্থাপন করেন জাতীয় পার্টি সমর্থিত কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, "এ ধরনের বিধান রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে যা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার পরিপন্থী।" গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধনের জন্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১১ নামে এ বিল উত্থাপন করা হয়। এতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ অনুচ্ছেদের ১ এর (ঞ) উপধারা বিলুপ্ত করে সংশোধনের প্রস্তাব করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) অনুচ্ছেদ ১২-এর ১ (ঞ) উপধারায় বলা হয়েছে- "কোনো নিবন্ধিত রাজনৈতিক দলে তিন বছরের সদস্যপদ না থাকলে একজন ব্যক্তি ওই দল থেকে প্রার্থী হতে পারবেন না।" স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এ অধিবেশনে সভাপতিত্ব করেন সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল মতিন খসরু। এ বিষয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি বেসরকারি বিল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স¤প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে একটি বিশেষ চিঠি পাঠান। এর আগে নির্বাচন কমিশনের সংলাপেও জাতীয় পার্টির পক্ষ থেকে বিধানটি সংশোধনে সুপারিশ করা হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার আমলে পুরনো রাজনৈতিক দল ভেঙে নতুন রাজনৈতিক দল গঠন এবং তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ অধ্যাদেশ জারি করা হয়। একে 'উদ্দেশ্যমূলক' দাবি করে মুজিবুল হক বলেন, "একদিকে কোনো ব্যক্তি পুরনো রাজনৈতিক দলে যোগ দিলে তার ক্ষেত্রে সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ওই দলে তিন বছরের সদস্যপদ বহাল থাকার বাধ্যবাধকতা আরোপ করা হয়। অন্যদিকে নতুন প্রতিষ্ঠিত দলের ক্ষেত্রে এরূপ বাধ্যবাধকতা থাকে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/পিডি/০০০২ ঘ.