২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল প্রধানকে নিয়ে সাঈদীর আপত্তি

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হককে প্রত্যাহারে যুদ্ধাপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর আবেদনের শুনানি হবে আগামী ১৩ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হককে প্রত্যাহারে যুদ্ধাপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর আবেদনের শুনানি হবে আগামী ১৩ নভেম্বর। বৃহস্পতিবার সাঈদীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এই আবেদন করার পর ট্রাইব্যুনাল শুনানির এ দিন ঠিক করে। সাঈদীর অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান নিজামুল হক ১৯৯৪ সালে ঘাতক-দালাল নির্মূল কমিটি কর্তৃক গঠিত গণতদন্ত কমিশনের সদস্য ছিলেন। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রায় দুই দশক আগে জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠিত হয়। আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "ওই কমিশন (গণতদন্ত কমিশন) একটি প্রতিবেদন গণআদালতের কাছে দাখিল করেছিলো। এখন সেই প্রতিবেদনই প্রস্তুত করে প্রসিকিউশন বিভাগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে। তাই তিনি এই মামলাটির শুনানি করতে পারেন না। তাই আমরা তাকে প্রত্যাহারের আবেদন করেছি।" রাজ্জাক বলেন, এটা সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী নেওয়া তার শপথের লঙ্ঘন। বিচারপতিদের কোড অব কন্ডাক্টের ধারা (ক্লজ) ১, ২, ৩(৬)(এ), ৩(৬)(ডি)(৪) এর লঙ্ঘন। এছাড়া সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ১০ অনুচ্ছেদের লঙ্ঘন। এ আবেদনের শুনানিতে বিচারপতি নিজামুল হক থাকবেন কি না, তা নিশ্চিত করতে পারেননি ট্রাইব্যুনালের নিবন্ধক ও মুখপাত্র মো. শাহিনুর ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, "তারাই (ট্রাইব্যুনাল) এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।" জামায়াত নেতার আইনজীবীর আবেদনের সঙ্গে গণতদন্ত কমিশনের একটি প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। নিজামুল হক আইনজীবী হিসাবে ওই কমিশনের ৪০ সদস্যের সচিবালয়ের ২৫ নম্বর সদস্য ছিলেন। ট্রাইব্যুনালের নিবন্ধক বলেন, ওই কার্যক্রমে ট্রাইব্যুনাল চেয়ারম্যানের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে এই আবেদনে আর কোনো প্রমাণ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬৫৫ ঘ.