২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সভামঞ্চে খালেদা

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জনসভা মঞ্চে পৌঁছেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 09:17 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ময়মনসিংহ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জনসভা মঞ্চে পৌঁছেছেন খালেদা জিয়া। বিকাল ৩টা ৩৪ মিনিটে তিনি মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে বিএনপি চেয়ারপার্সনকে অভিনন্দন জানায়। খালেদা জিয়া হাত নেড়ে তাদের জবাব দেন। দুপুর ১টায় ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে চার দলের এই জনসভার কার্যক্রম শুরু হয়। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান অলি আহমেদ এবং চার দলসহ সমমনা দলসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সভামঞ্চে উপস্থিত রয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিতে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চের পর ময়মনসিংহে এই জনসভা করছে বিএনপি ও সমমনা দলগুলো। ২০০৮ সালের নির্বাচনের পর ময়মনসিংহে এটিই হবে খালেদা জিয়ার প্রথম জনসভা। বেলা আড়াইটার দিকে খালেদা জিয়ার গাড়িবহর ময়মনসিংহ সার্কিট হাউজে পৌঁছলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেনসহ নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সনকে স্বাগত জানান। এর আগে বেলা সোয়া ১১টায় ঢাকার গুলশানের বাসা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয় খালেদা জিয়ার গাড়িবহর। ময়মনসিংহের পথের রাজধানীর উত্তরা, গাজীপুরের টঙ্গী, চেরাগআলী, কলেজ গেইট, সালনা, পোঁড়াবাড়ী বাজার, ভবানীপুর বাজার, রাজেন্দ্রপুর, বাঘের বাজার, শ্রীপুর, মাওনা, ময়মনসিংহের ভালুকা, ত্রিশালসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গগঠনের নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেত্রীকে স্বাগত জানায়। কোথাও কোথাও নেতা-কর্মী-সমর্থকরা ফুল ছিটিয়ে গাড়িবহরকে অভিনন্দন জানায়। খালেদা জিয়ার আগমন উপলক্ষে ময়মনসিংহ শহরের প্রধান সড়কগুলো সাজানো হয়েছে রঙিন তোরণ ও দৃষ্টিনন্দন ব্যানার-ফ্যস্টুনে দিয়ে। বিভিন্ন স্থানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আলোকচিত্রের পাশাপাশি বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি বসানো হয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহের পথে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে কয়েক শ' তোরণ। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল এবং দ্রুত নির্বাচনের দাবিতে জনমত গড়ে তুলতে বিভিন্ন জেলায় জনসভাসহ রোডমার্চ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এরই মধ্যে খালেদা জিয়ার নেতৃত্বে গত ১০ অক্টোবর সিলেট এবং ১৮ ও ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চ হয়েছে। এরপর চট্টগ্রাম ও খুলনা অভিমুখেও রোডমার্চ করার কথা রয়েছে খালেদা জিয়ার। মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়মনসিংহ জনসভায় খালেদা জিয়ার বক্তৃতা িি.িনহঢ়ষরাব.পড়স এ সরাসরি দেখানো (ওয়েবকাস্ট) হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১১৩০ ঘ.