ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ মনে করেন, খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে আগামী বাজেটের আগেই সরকার পতন হবে।
বুধবার বিকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলটির চেয়ারম্যান অলি বলেন, "শুধু সরকারের পতনই নয়, ভবিষ্যতেও আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না।"
বিএনপির প্রতি ইঙ্গিত করে অলি বলেন, "এলডিপিসহ সব জাতীয়তাবাদী শক্তি এই সরকারের পতনের জন্য ঐক্যবদ্ধ আছে। তবে চূড়ান্ত আন্দোলনের বিষয়ে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে।
"আমরা বলব- খালেদা জিয়া আপনি এগিয়ে চলেন, আমরা থাকব আপনার সমানে। এলডিপিসহ সমমনারা আপনার পাশেই আছে।"
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এ সভা হয়। অলি আহমেদ দলের জন্মদিনে জন্য দলের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, "তারা (আওয়ামী লীগ) জনগণের ভোটে নির্বাচিত হয়নি। মঈন উ আহমেদ ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। মইন একজন কাপুরুষ ছিলো।"
"মইন অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যবসায়ীদের কাছে থেকে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। আওয়ামী লীগের সঙ্গে তার চুক্তি ছিলো- ক্ষমতায় গেলে তাকে (মঈন) নিরাপদে দেশ থেকে চলে যাওয়ার সুযোগ করে দেবে। সেটাই হয়েছে।", দাবি করেন অলি।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ও অর্থনৈতিক বিষয়ক দুই উপদেষ্টার সমালোচনা করে অলি বলেন, "গওহর রিজভীর নামই আমি আগে কখনো শুনিনি। আর মশিউর রহমান আমার অধীনে তিন বছর কাজ করেছেন। তাদের দুজনের ওপর প্রধানমন্ত্রী ১৬ কোটি মানুষের সমস্যার সমাধানের দায়িত্ব দিয়েছেন।"
গওহর রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা। মশিউর রহমান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা।
সাবেক সেনা কর্মকর্তা অলি বলেন, "অতীতে সরকার চতুর্থ সংশোধনীর মাধ্যমে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার চিন্তাভাবনা করেছে। এবার তারা সামরিক শাসন বন্ধ করার কথা বলে পঞ্চদশ সংশোধনী করেছে। কিন্তু আমরা প্রশ্ন- বই পড়ে কেউ সামরিক শাসন জারি করে না। এটা বন্ধ করতে হলে রাজনীতিবিদদের জনকল্যাণমুখী হতে হবে।''
গত ৩০ জুন সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুমোদন হয়।
এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক আলমগীর মজুমদার ও এলডিপি'র সভাপতিমণ্ডলীর সদস্য মামদুদুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা পরিচালনা করেন দলের যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৩৬ ঘ.
bdnews24