২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বক্তব্য নিয়ে সংসদে আলোচনার নোটিস

যুদ্ধাপরাধ বিচার প্রসঙ্গে খালেদা জিয়ার দেওয়া বক্তব্য নিয়ে সংসদে আলোচনার জন্য নোটিস দিয়েছেন সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ বিচার প্রসঙ্গে খালেদা জিয়ার দেওয়া বক্তব্য নিয়ে সংসদে আলোচনার জন্য নোটিস দিয়েছেন সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। ডেপুটি স্পিকার শওকত আলী এ বিষয়ে সংসদে বলেন, "আলোচনা হবে।" বুধবার কার্যপ্রণালি বিধি ৬৮ অনুসারে জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিস আনেন সুরঞ্জিত সেনগুপ্ত। নোটিসে তিনি বলেন, "সংসদে পাস হওয়া কোনো প্রস্তাব আইনের মতোই কার্যকর। কিন্তু বিরোধীদলীয় নেত্রী একটি দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হয়ে তিনি যেভাবে এ প্রস্তাবের তোয়াক্কা না করে স্বাধীনতাবিরোধী, খুনী রাজাকারদের রক্ষার জন্য রোর্ড মার্চের নামে সারাদেশে মিথ্যাচার ও আইন বহির্ভূত কাজে লিপ্ত হয়েছেন, তা নিবারণের জন্য সংসদে আলোচনা করে তার প্রতি ধিক্কার ও নিন্দা জানানো দরকার বলে আমি মনে করি।" এ নোটিসে তিনি ছাড়াও রাশেদ খান মেনন, শেখ ফজলুল করিম সেলিম, ফজলে রাব্বী মিয়া, অধ্যাপক মো. আলী আশরাফ ও রফিকুল ইসলাম বীরউত্তম স্বাক্ষর করেন। চলতি মাসে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জে চারদলীয় জোটের সমাবেশে যুদ্ধাপরাধ বিচারের বিরুদ্ধে খালেদা জিয়ার দেওয়া বক্তব্য নিয়ে গত বৃহস্পতিবার সংসদে সাধারণ আলোচনার দাবি জানান সরকারদলীয় জ্যেষ্ঠ সাংসদরা। সংসদের একাদশ অধিবেশনের প্রথম দিনে পয়েন্ট অব অর্ডারে এ দাবি জানান তারা। এ সময় স্পিকার আবদুল হামিদ বলেন, এ বিষয়ে নোটিস দেওয়ার পর আলোচনা করা যাবে। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উত্থাপনের কারণ হিসেবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "দেশের প্রধান বিরোধী দল বিএনপি'র নেতৃত্বাধীন তথাকথিত চারদলীয় জোটের রোড মার্চ কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এদেশীয় যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন করায় মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করাসহ যুদ্ধাপরাধীদের বিচার বাধা দান ও আদালত অবমাননা করছেন।" "এতে জাতি হিসেবে আমরা গভীরভাবে মর্মাহত" উল্লেখ করে এ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে আলোচনা করার আহ্বান জানান আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির এ সভাপতি। চলতি মাসে সিলেট ও রাজশাহীতে চার দলের সমাবেশে খালেদা জিয়া একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর দেলওয়ার হোসাইন সাঈদী, সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি দাবি করেন। সুরঞ্জিত বলেন, "বিরোধীদলীয় নেত্রীর বর্তমান অবস্থান ও বক্তব্য একদিকে যেমন সংসদে সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবেরর প্রতি বিরোধিতা করার মাধ্যমে সংসদ অবমাননার শামিল। অন্যদিকে যেহেতু বিষয়টি যুদ্ধাপরাধ ট্রাইবুনালে বিচারাধীন সে কারণে এটা সাবজুডিস। "তিনি যদি তাদের পক্ষে সাফাই স্বাক্ষী দিতে চান তাহলে সেই আদালতে উপস্থিত হয়ে তথ্যসহ হাজির হতে পারেন। কিন্তু আদালতের বাইরে বিরোধী দলের নেতা হিসেবে জাতীয় পতাকা নিয়ে এ কথা বললে অবশ্যই আদালত অবমাননার দায়ে কনটেম্পট প্রসিডিংয়ের সম্মুখীন হবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২২ ঘ.