২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুর জামিন: হাইকোর্টের বিভক্ত আদেশ

পিলখানায় বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর জামিনের বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 08:46 AM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর জামিনের বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। মঙ্গলবার বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি শেখ রেজোয়ান আলী জামিন মঞ্জুর করলেও বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান নামঞ্জুর করেন। আদালতে পিন্টুর পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। খন্দকার মাহবুব হোসেন বলেন, বিভক্ত আদেশের ফলে আবেদনটি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি মামলাটি শুনানির জন্য তৃতীয় বেঞ্চে পাঠাবেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এরপর এ বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। গত বছর জুলাই মাসে বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং আওয়ামীলীগ নেতা তোরাব আলীসহ ৮২৪ জনকে অভিযুক্ত করে এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগেই ২০০৯ সালের ২ জুন এই মামলায় পিন্টুকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের ৭ জুন হাইকোর্ট পিন্টুকে অন্তবর্তীকালীন জামিন দিয়ে একটি রুল জারি করে। তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় ওই রুলে। ওই রুলের শুনানি শেষে মঙ্গলবার এই বিভক্ত আদেশ আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৪৪১ ঘ.